নগরীর আন্দরকিল্লায় সাবেক সিটি মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও দুই নম্বর গেটের চশমা হিলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে সেখানে তাদের কাউকে পাওয়া যায়নি। গতকাল রাতে কোতোয়ালী ও পাঁচলাইশ থানা পুলিশের টিম এ তল্লাশি চালিয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির দৈনিক আজাদীকে বলেন, আ জ ম নাছির উদ্দিনের বিষয়ে খোঁজ নিতে তার বাসায় তল্লাশি করা হয়েছে। তবে তাকে বাসায় পাওয়া যায়নি। তিনি কোথায় রয়েছে, সে বিষয়েও জানা যায়নি। সেখান থেকে অন্য কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি। নওফেলের বাসায় তল্লাশি বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।











