আনোয়ারার নানার বাড়ি থেকে কলেজে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিল মিফতাহুল জান্নাত (১৯)। গত মঙ্গলবার সকালে টানেল সড়কের চাতরি চৌমুহনী বাজারের উত্তর পাশে উল্টো পথে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় সে। প্রথমে তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হলেও এখনো তার জ্ঞান ফেরেনি। বর্তমানে গুরুতর আহত জান্নাত লাইফ সাপোর্টে রয়েছে। এ ঘটনায় আনোয়ারা থানায় অভিযুক্ত মোটরসাইকেলচালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
আহত জান্নাতের মামা হারুনুর রশীদ জানান, তার ভাগনি মিফতাহুল জান্নাত চাতরি থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে টানেল সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে প্রথমে আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের ম্যাক্স হাসপাতাল, এভারকেয়ারসহ গত দুই দিনে বিভিন্ন হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রেখে তার জ্ঞান ফেরানোর প্রাণপণ চেষ্টা করা হলেও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।
হারুনুর রশীদ আরও জানান, ঘটনার পর তারা জানতে পারেন, একটি বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে এ দুর্ঘটনা ঘটিয়েছেন। এ ব্যাপারে তারা থানায় লিখিত অভিযোগ করেছেন।
তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে মিফতাহুল জান্নাত তৃতীয়। পরিবারের বাবা মারা যাওয়ার পর অনেক কষ্টে সংসার চলে। এ অবস্থায় জান্নাতের ব্যয়বহুল চিকিৎসার খরচ চালানো পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। জানা গেছে, ঘটনার পর থেকে জান্নাতের মা রিজিয়া বেগম বারবার জ্ঞান হারাচ্ছেন। মেয়ের সুস্থতার জন্য সারাক্ষণ আর্তনাদ করছেন তিনি।
উল্লেখ্য, মিফতাহুল জান্নাত পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের মৃত আনিসুজ্জামানের মেয়ে। ঘটনার দিন আনোয়ারার চাতরিতে নানার বাড়ি থেকে কলেজে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয় সে।









