চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে টাকা দাবির অভিযোগ উঠেছে। মসজিদ উন্নয়ন ও থানার অবকাঠামো উন্নয়নের কথা বলে টাকা চাওয়া হয়েছে।
এ ঘটনায় ব্যবহৃত মোবাইল নম্বরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে নম্বরটির অবস্থান চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হক ১৯ নভেম্বর থানায় জিডিটি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, ০১৩৫৪-১৬৪২৩১ নম্বর থেকে কর্ণফুলী থানাধীন বিভিন্ন ব্যক্তিকে ফোন করে নিজেকে পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিচয় দেওয়া হয়। পরে মসজিদ উন্নয়ন, থানার অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন অজুহাতে বিভিন্ন অঙ্কের টাকা পাঠানোর অনুরোধ করা হয়।
পুলিশের অনুসন্ধান অনুযায়ী, ১৯ নভেম্বর বিকেল ৩টা ২৫ মিনিট ৪৫ সেকেন্ডে নম্বরটির অবস্থান পাওয়া যায় চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন নতুন চাক্তাইয়ের আমানত সিদ্দিক টাওয়ার এলাকায়।
অন্যদিকে, নম্বরটির জামালপুর জেলার ইসলামপুরের এক ব্যক্তির নামে নিবন্ধিত। তবে সিমের নিবন্ধিত মালিকই ফোন করে প্রতারণা করেছেন, এমন কোনো তথ্য এখনো নিশ্চিত হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হক জানান, এ ধরনের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রতারণার কাজে ব্যবহৃত নম্বরটির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একই সঙ্গে কর্ণফুলীর সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। কোনো থানার কর্মকর্তা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকেন না বলেও উল্লেখ করেন তিনি।












