আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেটে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি (জেসিটিএ) এবং মিলেনিয়াম ক্রিকেট একাডেমি নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’ এর খেলায় জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি (জেসিটিএ) ৯ উইকেটে ড্রিম ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ড্রিম ক্রিকেট একাডেমি ১৮.১ ওভারে ৯০ রানে অলআউট হয়। দলের পক্ষে হামিম সাফায়েত ১৪, ইয়াসিন আরাফাত ১৩, ওপেনার আররাফ ইন্তেসার ১১, আব্দুল্লাহ নাহিয়ান ১০ এবং আরাফাদুল আলম ১০ রান করেন।
জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমির মো. সুহাম ৩টি, মিরাজুল ইসলাম এবং রাকিবুল হাসান ২টি করে উইকেট পান। ৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি ৮.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৩ রান তুলে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ওপেনার ও অধিনায়ক মো. মিজবাহুল হক তানজির অপরাজিত ৫৮ রান করেন। এছাড়া সাদমান হোসেন ২১ এবং অর্জুন চৌধুরী অপরাজিত ৮ রান করেন। ড্রিম ক্রিকেট একাডেমির মাহরাব হোসেন ১টি উইকেট নেন।

ম্যাচ সেরা জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমির মো. মিজবাহুল হক তানজিরের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস ক্লাব সমিতির সহ–সভাপতি, সিজেকেএস কাউন্সিলর মো. আমিনুল ইসলাম। ‘বি’ গ্রুপের খেলায় মিলেনিয়াম ক্রিকেট একাডেমি ৫ উইকেটের ব্যবধানে পোর্ট সিটি ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পোর্ট সিটি ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাকিবুল হাসান ৩০, হাবিবুর রহমান ২৫, শামীম হাসান ১৪ এবং মো. সাফায়েত ১০ রান যোগ করেন। মিলেনিয়াম ক্রিকেট একাডেমির সাইহাম উদ্দিন ২টি উইকেট পান। ১টি করে উইকেট নেন আবু নাসের হৃদয়, শাফিন আহমেদ এবং আরাফ হোসেন। জবাবে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে জয় নিশ্চিত করে।
দলের পক্ষে রায়হান উদ্দিন অপরাজিত ৩০, প্রাঞ্জল দাস ২৯, মো. মিসবাহ ১৫ এবং শাফিন আহমেদ ১০ রান করেন। পোর্ট সিটি ক্রিকেট একাডেমির বোলার ইব্রাহিম হোসেন ২টি উইকেট পান। মো. সাফায়েত, সাইফুল ইসলাম এবং অনুপম দাস গুপ্ত প্রত্যেকেই ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মিলেনিয়াম ক্রিকেট একাডেমির রায়হান উদ্দিন। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক খেলোয়াড় এবং জাতীয় ক্রিকেট লিগের ম্যানেজার রায়হানউদ্দিন আরাফাত।











