কক্সবাজারের রামুতে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের দুই সদস্য আহত হন। পুলিশ বলছে, গ্রেপ্তারের পর আসামিকে থানায় নেওয়ার পথে তার পরিবারের সদস্যসহ ৮ থেকে ১০ জন নারী–পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ছিনিয়ে নেওয়া আসামির নাম দিদারুল আলম। তিনি কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাবেদ আলমের ছেলে। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি বন মামলায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ছিল। এছাড়া আগামী ১৯ নভেম্বর এলাকায় নাশকতা সৃষ্টির আশঙ্কায় তিনি গোয়েন্দা নজরদারিতে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার, সহকারী উপপরিদর্শক (এএসআই) কোরবান আলী ও এএসআই বোরহান উদ্দিনকে সঙ্গে নিয়ে দিদারুল আলমের বাড়িতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দিদারুল পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশের দাবি, দিদারুলকে হেফাজতে নেওয়ার সময় তার পরিবারের সদস্য, সন্তানসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন নারী–পুরুষ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পেছন দিক থেকে এসআই মোহাম্মদ আনোয়ারকে মারধর করা হলে তিনি মাটিতে পড়ে যান এবং তার চশমা ভেঙে যায়। একই সময় এএসআই বোরহান উদ্দিনও মারধরের শিকার হন। এ সুযোগে হামলাকারীরা দিদারুলকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।










