প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিয়ে সেমিনার

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

রোহিঙ্গা বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবিকা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে গতকাল মঙ্গলবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‘লাইভলিহুডস, হেলথ, অ্যান্ড ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যামং রোহিঙ্গা ডিসপ্লেসড পিপল: ইনসাইটস ফ্রম আন্ডারগ্র্যাজুয়েট ফিল্ডওয়ার্ক’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সবসময় এ ধরনের একাডেমিক ও জ্ঞানভিত্তিক আয়োজনকে উৎসাহিত করে। শিক্ষক, গবেষক ও অভিজ্ঞ ব্যক্তিদের মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় তিনি সেমিনারের প্রধান আলোচক ড. নাসির উদ্দিনের গবেষণা, অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞানের প্রশংসা করেন। পাশাপাশি তাঁর মূল্যবান বক্তব্য থেকে শিক্ষার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানান।

প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন ল্যাবের (আরএমএল) পরিচালক ড. নাসির উদ্দিন। তিনি শিক্ষার্থীদের উপস্থাপিত চারটি গবেষণার প্রশংসা করে গবেষণার ক্ষেত্রে নিরপেক্ষ ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এআই–কে নিজস্ব চিন্তাশক্তির বিকল্প হিসেবে নয়, বরং দক্ষতা বৃদ্ধির সহায়ক হিসেবে ব্যবহার করা উচিত।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবিকা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর এর প্রভাব বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি ও গবেষণাভিত্তিক নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান (ইন–চার্জ) ড. অর্পিতা দত্ত। তিনি বলেন, সাধারণত শিক্ষার্থীরা ফিল্ডওয়ার্কে অংশগ্রহণ করে ফিরে এলেও এবারই প্রথম সেমিনারের মাধ্যমে মাঠপর্যায়ে পরিচালিত কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা ও শিক্ষণীয় বিষয়গুলো সবার সামনে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধইউনিলিভার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্সের ডিরেক্টর শহীদুল ইসলাম