রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী যুবকদের মূলধারার কর্মকাণ্ডে অন্তর্ভুক্তি ও যুব নেতৃত্ব বিকাশের লক্ষ্যে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘এওয়াক বিতর্ক প্রতিযোগিতা ’ শীর্ষক এই আয়োজন সম্পন্ন হয়। প্রতিযোগিতায় যুক্তিতর্কের লড়াইয়ে ঘাটচেক উচ্চ বিদ্যালয়কে (পক্ষ দল) পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় (বিপক্ষ দল)।
‘অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, যুব নেতৃত্ব ও ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা এসোসিয়েশন ফর উইমেন ইম্পাউয়ারমেন্ট এন্ড চাইল্ড রাইটস (এওয়াক) ম্যাপইনসিবিআর প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করে। সমাজভিত্তিক পুনর্বাসনের (সিবিআর) সকল ক্ষেত্রে প্রতিবন্ধী শিশু ও যুবকদের অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতা করে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং অর্থায়নে ছিল লিলিয়ান ফান্ড।
প্রতিবন্ধী যুবকদের মূলধারার কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করতে সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ’ নির্ধারিত এই বিষয়ের ওপর পক্ষে ও বিপক্ষে শিক্ষার্থীরা যুক্তি উপস্থাপন করেন। অনুষ্ঠানে অধ্যক্ষ রতন কুমার তুরী মডারেটর ছিলেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ইফতেখার হোসেন, রাঙ্গুনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক হুরাই জান্নাত এবং এওয়াকের প্রধান নির্বাহী শফিউল আজম সিরাজী।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম। দায়িত্ব পালন করেন সংস্থাটির প্রজেক্ট কো–অর্ডিনেটর মো. আছাফুল ইসলাম সিদ্দিকী। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের হয়ে বিতর্কে অংশ নেয়া দলনেতা তাবিবাহ আহসান তাহিয়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন। শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন এবং অংশগ্রহণকারী উভয় দলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।










