কয়েক মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন দুই ভাই। তাঁদের বয়সের ব্যবধান মাত্র চার বছর। বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়েছিলেন তাঁরা। কিন্তু সেই যাত্রা আর বাড়ি ফেরা হলো না। হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে আপন দুই ভাইয়ের।
নিহত দুই ভাই হলেন ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। তাঁরা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী সিপাহীর বাড়ির মো. হারুনের ছেলে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, তুষার ও ইরাত মোটরসাইকেলে করে ফরহাদাবাদের বাড়ি থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। পথে চারিয়া মুছার দোকান এলাকায় নাজিরহাটমুখী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুই মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। ইরাতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সানজিদা তাবাসসুম তুষারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একই দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের আরোহী ফাহিম (১৯) নামের হাটহাজারীর এক বাসিন্দাও আহত হয়েছেন। দুর্ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।












