দুর্বৃত্তের আগুনে ড. ইউনূসের বাড়ির নিচতলার একটি কক্ষ ক্ষতিগ্রস্ত, ঘটনা তদন্ত করছে পুলিশ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

আগুনে বাড়ির নিচতলার একটি ফাঁকা কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিভিয়েছে। বাড়ির ওপরের তলাগুলোয় ইউনূসের স্বজনেরা থাকেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা সুকান্ত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং পরে বিস্তারিত জানানো হবে। জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

ইউনূসের আদি বাড়ি হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। বাবার ব্যবসার সূত্রে তাঁর পরিবার চট্টগ্রাম নগরের পাঁচলাইশে এই বাড়ি করেছিল। শৈশব ও কৈশোর তিনি এই বাড়িতেই কাটিয়েছেন।

কয়েক দিন আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যার মধ্যে চট্টগ্রামসহ অন্তত ১৮ জেলায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কর্মীদের সম্পৃক্ততায় ঘটা এই সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা শি ও পুতিনের