কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। বুধবার দিবাগত রাতে নগরের দামপাড়া এলাকার পল্টন রোডে এ হামলার ঘটনা ঘটে।
সিসিটিভিতে ধারণ করা এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একদল যুবক লাঠিসোঁটা হাতে বাসভবনের ফটকে হামলা চালাচ্ছে। এ সময় তারা ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে জানালার কাচ ভাঙচুর করে।
ঘটনার বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, খবর পেয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থলে যায়। সেখানে বাসার সামনে ভাঙা কাচের কয়েকটি টুকরো দেখতে পায় পুলিশ। তখন সেখানে কেউ ছিলেন না। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।
মাহতাব উদ্দিন চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে আসেন ২০১৭ সালের ডিসেম্বরে। সংগঠনটির তৎকালীন সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। পরে ২০২৩ সালের ৬ আগস্ট তাঁকে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগ নেতা জহুর আহমদ চৌধুরীর মেজ ছেলে মাহতাব উদ্দিন চৌধুরী। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।











