রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ জনপদের লাখো বাসিন্দার চলাচলে গুরুত্বপূর্ণ সৈয়দ আলী সড়ক এখন পথচারী ও চালকদের জন্য আতঙ্কে পরিণত হয়েছে। সড়কের গোডাউন ব্রিজ থেকে ইত্যাদি চত্বর পর্যন্ত দুই পাশে কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকা অর্ধশতাধিক মরা গাছ যেন একেকটি মরণফাঁদ। সামান্য বাতাসে এসব গাছের ডালপালা ভেঙে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দক্ষিণ রাঙ্গুনিয়ার চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচলের প্রধান পথে যেকোনো সময় প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, সৈয়দ আলী সড়ক দিয়ে গোডাউন দিয়ে সরফভাটা, শিলক, কোদালা ও পদুয়া ইউনিয়নের লাখ লাখ মানুষ চলাচল করেন। সড়কের গোডাউন ব্রিজ পার হলেই রাস্তার দুই পাশে বিশালাকৃতির অনেকগুলো গাছ মরে শুকিয়ে থাকতে দেখা গেছে। অনেক গাছের গোড়া পচে আলগা হয়ে গেছে। কোথাও বিশালাকৃতির গাছ ভেঙে পড়ে রয়েছে সড়কের পাশে।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি বা বাতাস হলে গাছের ডাল ভেঙে পড়ে সিএনজি টেঙি ও মোটরসাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
সরফভাটার বাসিন্দা নাসিম সিকদার বলেন, গাছগুলো অপসারণ করা জরুরি। দীর্ঘদিন পর্যন্ত গাছ অপসারণের দাবি জানিয়ে এলেও মরা গাছগুলো এখনো সরানো হয়নি।
পদুয়া এলাকার বাসিন্দা আবদুল করিম ও মো. দুলা মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। সামান্য ঝড়বৃষ্টি হলেই মরা গাছের ঢালপালা পড়ে হতাহতের ঘটনা ঘটে। মরা গাছগুলো বিশালাকৃতির হওয়ায় উপড়ে পড়লে প্রাণহানিও হতে পারে। আমরা দ্রুত এসব গাছ কেটে অপসারণ করার দাবি জানাচ্ছি।
স্কুল শিক্ষক কপিল উদ্দিন বলেন, সড়ক দুটি দিয়ে সাধারণ পথচারী, স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা প্রতিনিয়ত চলাচল করেন। এছাড়া প্রতিদিন সড়ক দিয়ে ছোট–বড় শত শত বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কের এই অবস্থায় যাতায়াত করা প্রায় অসম্ভব। জনস্বার্থে এসব বিষয়ে সংশ্লিষ্টদের নজর দেওয়া উচিত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়কসহ উপজেলার জনগুরুত্বপূর্ণ আরও কয়েকটি সড়কের মরা গাছের সারি নিয়ে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় একাধিকবার আলোচনা ও সিদ্ধান্ত হলেও বাস্তবায়ন নেই। প্রশাসনের দীর্ঘসূত্রতার কারণে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন জানান, গাছ অপসারণের ক্ষেত্রে কিছু আইনি বাধ্যবাধকতা রয়েছে। ইতিপূর্বে এই সড়কের উপকারভোগীরা আবেদন করেছিল। কিন্তু রেজুলেশন করেনি। এখন আমি রেজুলেশন করে দিয়েছি। তাদের পুনরায় আবেদন করতে বললেও করেনি। আবেদন পেলে তা অনুমোদনের জন্য বিভাগীয় দপ্তরে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন বলেন, এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।










