সেদিন থেকে

জাবীদ মাইন্‌উদ্দীন | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

সেদিন থেকে

এক চিলতে দূরে নয় আমার হৃদয়

কবিকণ্ঠে তোমার কবিতা,

তোমার ছত্রাক শব্দগুলো,

তোমার প্রলম্ব গ্রীবা

অপরূপ ভঙিমায় দাঁড়ানো

সেদিন থেকে

আমি আর কবি নই

স্কুল পালানো দুরন্ত বখাটে এক

তোমার দুর্ধর্ষ ছবির পেছনে হাঁটি

আলগোছে দু‘বাহু জড়িয়ে রাখি

আমার প্রশস্ত দুঃখিনী বুক

সেদিন থেকে

প্রাণঘাতী ভোল্টের মতো শিহরণ

বিদ্যুতের অনন্ত প্রবাহ

আমাকে ছুঁড়ে মারে

সমুদ্রের এপার ওপার

তছনছ হয়ে আছে

আমার আটপৌরে গৃহস্থালি, ঘরদোর

সেদিন থেকে

আমি বিগত কালের হঠাৎ মধ্যাহ্ন

আচমকা তোমার ক্রিং ক্রিং ধ্বনি,

উচ্ছন্নে যাওয়া প্রারম্ভিক মধ্যবয়েস,

মুমূর্ষু উদাস চেয়ে

তোমার নিঃশব্দ আগামী কবিতা…..

পূর্ববর্তী নিবন্ধমন্বন্তরের পর
পরবর্তী নিবন্ধবাঙালি মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা ‘আজীজুননাহার’