ফৌজদারহাট বিসিক শিল্পনগরীতে ১৯ হাজার বর্গফুট জমির বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহারের ব্যবস্থা নেয়ার জন্য বিসিক চেয়ারম্যান বরাবর চিঠি পাঠিয়ে সরকারের ৩ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা রাজস্ব ক্ষতির অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১–এর সহকারী পরিচালক সায়েদ আলম বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলাটি করেন।
মামলায় ওয়াহেদ টিউব এন্ড মেটাল লি.-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. আহমেদ ফয়সাল চৌধুরী, বিসিকের সাবেক চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার, শিল্প মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বলাই কুমার হালদার, সাবেক যুগ্ম সচিব বাসুদেব আচার্য, সাবেক অতিরিক্ত সচিব পরাগ এবং সাবেক সচিব মোহাম্মদ আব্দুল্লাহকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪০৯, ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।
এজাহার অনুযায়ী, ১৯৭৯ সালের ২৩ জানুয়ারি ফৌজদারহাট বিসিক শিল্পনগরীর বি–১০ (দক্ষিণ), বি–১১ ও বি–১২ নম্বর প্লটের ২৪ হাজার বর্গফুট জমি কলাপসিবল টিন তৈরির প্রকল্পের জন্য ‘ওয়াহেদ টিউব এন্ড মেটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লি.’-এর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ওয়াহেদ আজগর চৌধুরীকে বরাদ্দ দেওয়া হয় এবং ওই বছরের ১ সেপ্টেম্বর জমি বুঝিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন বন্ধ ও পরিত্যক্ত পড়ে থাকায় ১৯৯৩–৯৪ সালে প্লট বরাদ্দ কমিটির সিদ্ধান্তে ওই ২৪ হাজার বর্গফুট জমির বরাদ্দ বাতিল হয়। পরে প্রতিষ্ঠানটির ৫ হাজার বর্গফুট জমি মেসার্স হাইটেক থ্রেড লিমিটেডের নামে বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ২০১৫ সালের ৩ মার্চ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ড. আহমেদ ফয়সাল চৌধুরী নতুন ধার্যকৃত মূল্য পরিশোধসহ অন্যান্য নিয়ম মানার অঙ্গীকার করে বাতিল হওয়া অবশিষ্ট ১৯ হাজার বর্গফুট জমি ফেরত চেয়ে আবেদন করেন। ওই বছরের ১৭ মে শিল্প মন্ত্রণালয়ের বিসিক শাখা নতুন নিয়ম ও নতুন মূল্যে জমি পুনঃবরাদ্দের বিষয়টি ভেবে দেখতে বিসিককে বলে। এর ধারাবাহিকতায় ১৬ জুন বিসিকের সংশ্লিষ্ট শাখা নতুন নিয়ম ও মূল্যে প্লট বরাদ্দের ব্যবস্থা নিতে চট্টগ্রাম বিসিকের সিমস উপমহাব্যবস্থাপককে অনুরাধ করে। তবে পরের বছরের ৩ এপ্রিল ৫৭তম প্লট বরাদ্দ কমিটির সভায় অসন্তোষ জানানো হয় এবং ৩ মে মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এজাহারে বলা হয়েছে, আগের আবেদনে নতুন মূল্যে জমি নেওয়ার কথা থাকলেও ২০১৭ সালের ১০ জুলাই ড. আহমেদ ফয়সাল চৌধুরী নতুন মূল্য না দিয়ে আগের পরিশোধিত মূল্যে বকেয়া সার্ভিস চার্জ দিয়ে কারখানা চালুর অনুমতি চেয়ে বিসিক চেয়ারম্যানকে আবেদন করেন। তখন বিসিক জানায়, এ বিষয়ে বিসিক পর্যায়ে করণীয় কিছু নেই। পরে বিসিকের তৎকালীন চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার ক্ষমতার অপব্যবহার করে প্রথম আসামিকে সুবিধা দিতে ১৯ হাজার বর্গফুট জমির বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহারে শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়ে নোট অনুমাদন করেন এবং মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠান। তদন্ত কমিটির প্রতিবেদনেও তৎকালীন চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহারের কথা বলা হয়েছে। এজাহারে বলা হয়, ২০১৭ সালের ৩১ জুলাই চিঠিটি শিল্প মন্ত্রণালয়ের বিসিক শাখায় গেলে নথির ১৭৩ নম্বর অনুচ্ছেদে দ্রুত শিল্পায়নের স্বার্থে অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহারের ব্যবস্থা নিতে বিসিককে বলা যায় বলে নোট দেন প্রশাসনিক কর্মকর্তা বলাই কুমার হালদার ও তৎকালীন উপসচিব মো. মাহবুবুর রহমান (প্রয়াত)। তখন বাসুদেব আচার্য, পরাগ ও মোহাম্মদ আব্দুল্লাহ নোটটি অনুমাদন করেন এবং ২০১৭ সালের ২৩ আগস্ট উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরে বিসিক চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়।
দুদকের অভিযোগ, বিসিক প্লট বরাদ্দ নীতিমালা, ২০১০–এর ১৯(২) ধারা ভেঙে অবৈধ সুবিধা দিতে ওই চিঠি পাঠানো হয়, যার ফলে সরকারের ৩ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা রাজস্ব ক্ষতি ও আত্মসাতের ঘটনা ঘটে। মামলা দায়েরের তথ্যটি দৈনিক আজাদীকে জানিয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপপরিচালক আল আমিন বলেন, তদন্তে অন্য কারও জড়িত থাকার প্রমাণ মিললে তাকেও আইনের আওতায় আনা হবে।












