চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটের গালা নাইট ও এম আর সিদ্দিকী স্মরণ বক্তৃতা

‘এম আর সিদ্দিকী সমাজসেবায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন’

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স চক্ষু ইনস্টিটিউট এন্ড হসপিটালের ৪র্থ বার্ষিক সম্মেলনের প্রারম্ভিক অনুষ্ঠান, গালা নাইট এবং এম আর সিদ্দিকী স্মরণ বক্তৃতা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশে লায়নিজমের জনক মরহুম এম আর সিদ্দিকীকে একজন কিংবদন্তী হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, এম আর সিদ্দিকী শুধু রাজনীতিতে নয়, সমাজসেবায়ও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।

লায়ন নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম এ মালেক, লায়ন নজমুল হক চৌধুরী, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন রফিক আহমেদ, লায়ন মো. কবির উদ্দীন ভূঁইয়া, লায়ন মোহাম্মদ মোস্তাক হোসাইন, লায়ন আল সাদাৎ দোভাষ, লায়ন শেখ শামসুদ্দীন সিদ্দিকী, লায়ন এমডি এম. মহিউদ্দীন চৌধুরী, লায়ন কোহিনুর কামাল, লায়ন্স জেলা ৩১৫–বি৪, বাংলাদেশ এর জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী এবং ফাউন্ডেশনের পক্ষে ছিলেন লায়ন কামরুন মালেক, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস জোহা চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু, একাডেমিক পরিচালক প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী, হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আলতাফ উদ্দীন খান, উপ–পরিচালক (প্রশাসন) ডা. শাবানা সুলতানা ও সহকারী পরিচালক ইনসাফি হান্না।

লায়ন ইঞ্জিনিয়ার এম আই খান ওরেশন সেশনে তাঁর জীবনী নিয়ে বক্তব্য রাখেন লায়ন্স আই ইনস্টিটিউটের একাডেমিক পরিচালক প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী। এছাড়াও লায়ন ইঞ্জিনিয়ার এম আই খান এর লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে অবদান সম্পর্কে প্রতিষ্ঠানের প্রাক্তন চেয়ারম্যান লায়ন নজমুল হক চৌধুরী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বাংলাদেশে লায়নিজমের জনক ও চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এম আর সিদ্দিকীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বিশেষ স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম এ মালেক এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক বলেন, আমরা নিজেদের জন্য যা করি, তা আমাদের সাথে হারিয়ে যায়। কিন্তু অন্যের জন্য, পৃথিবীর জন্য যা করি, তা থেকে যায়। মরহুম এম আর সিদ্দিকীর জীবন এই কথারই প্রকৃষ্ট উদাহরণ। এম এ মালেক বলেন, এম আর সিদ্দিকী নিজের কর্মকাণ্ড দিয়ে আমাদের শিখিয়ে গেছেন যে, আমরা কি পেয়েছি তা দিয়ে আমাদের জীবন অর্থবহ হয় না, আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে মানুষের জন্য মানবতার জন্য কতটুকু করতে পেরেছি সেটিই আমাদের সাফল্যের মাপকাঠি।

ডা. মাহবুবুর রহমান চৌধুরী লায়ন এম আর সিদ্দিকীকে কিংবদন্তী হিসেবে উল্লেখ করে তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক কবিতার মাধ্যমে তুলে ধরেন। তিনি এম আর সিদ্দিকীকে একজন ক্ষণজন্মা রাজনীতিবিদ, সমাজসেবক হিসেবে উল্লেখ করে বলেন, তার মতো মানুষ জন্ম নিয়েছেন বলেই আজ দেশের হাজার হাজার মানুষ লায়ন্সের চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছে। দেশের মানুষের অন্ধত্ব দূরীকরণে মরহুম এম আর সিদ্দিকীর ভূমিকা যুগের পর যুগ আলোচিত হবে।

সিএলএফ চেয়ারম্যান লায়ন নাসির উদ্দীন চৌধুরী এম আর সিদ্দিকী প্রতিষ্ঠিত লায়ন্স ফাউন্ডেশনকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, চোখের চিকিৎসায় যেদিন আমাদের দেশের মানুষকে আর বিদেশে যেতে হবে না, সেদিনই আমাদের স্বপ্ন সফল হবে।

ফাউন্ডেশনের ভাইস–চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক লায়ন এম আর সিদ্দিকীকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বাংলাদেশে তিনি শুধু লায়নিজমই শুরু করেননি, সেবার দুয়ারও খুলে দিয়েছিলেন। লায়ন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠার মাধ্যমে মরহুম এম আর সিদ্দিকী দেশের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় যেভাবে মানবতা, মানবিকতা, সেবা এবং চিকিৎসা পৌঁছে দিয়েছিলেন তার আসলে তুলনা চলে না। তার দূরদৃষ্টি এবং সৃজনশীলতাই বাংলাদেশের লায়ন সদস্যদের আজও আলোর পথ দেখাচ্ছে।

অনুষ্ঠানে লায়ন ইঞ্জিনিয়ার এম আই খানকে আউটস্ট্যান্ডিং লিগেসি এওয়ার্ড প্রদান করা হয়। পুরস্কার গ্রহণ করেন তার পুত্র লায়ন ইঞ্জিনিয়ার ফজলে রাব্বী খান। এছাড়া লায়ন এম আর সিদ্দিকী মেমোরিয়াল এওয়ার্ড প্রদান করা হয় ডা. মাহবুবুর রহমান চৌধুরীকে।

অনুষ্ঠানের শুরুতে এমএলওপি কোর্সের ২০২৫ ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থী, ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি, এফসিপিএস পার্ট–১ এবং চক্ষু বিষয়ে বিশেষজ্ঞ ফেলোশীপ পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে চট্টগ্রাম লায়ন্স চক্ষু ইনস্টিটিউটের কনসালটেন্ট ডা. শ্যামল কুমার সরকার এবং ডা. মো. মঈনুল হককে ফ্যাকাল্টির কার্যক্রমে এবং ডা. মোহাম্মদ আলতাফ উদ্দীন খানকে শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য এডুকেটর হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন এর সাতজন শিক্ষার্থীকে রিসার্চ কাজের স্বীকৃতি হিসেবে এবং বান্দরবানে রিসার্চ ভলান্টিয়ার হিসেবে আটজনকে স্বীকৃতি ব্যাচ পড়ানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা–কর্মচারীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাতের অন্ধকারে কিছু টোকাই দিয়ে নাশকতা চালাচ্ছে নিষিদ্ধ আ.লীগ
পরবর্তী নিবন্ধযুব সমাজের উদ্ভাবনী শক্তিতে আশার আলো