রাতের অন্ধকারে কিছু টোকাই দিয়ে নাশকতা চালাচ্ছে নিষিদ্ধ আ.লীগ

কাজীর দেউড়ি মোড়ে বিএনপির প্রতিবাদ সমাবেশে শাহাদাত অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:৩১ পূর্বাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাতের অন্ধকারে কিছু টোকাই দিয়ে ফ্লাইওভারের উপর থেকে বোমা মারছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। এসময় তিনি যারা বোমাবাজি ও অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের পাশাপাশি এসব কর্মকাণ্ডের অর্থদাতা, পৃষ্ঠপোষক ও নির্দেশদাতাদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। বলেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় নগরের কাজীর দেউড়ি মোড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যে’র প্রতিবাদে তিনি এই মিছিল ও সমাবেশের আয়োজন করেন। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও সকাল ৭ টার আগেই কাজীর দেউরী মোড়ে বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা জমায়েত হতে থাকে। তারা সেখানে আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। কাজীর দেউরী গোল চত্বরে প্রতিবাদ সমাবেশের পর ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে আসকার দীঘির পাড় হয়ে জামাল খান মোড়, প্রেসক্লাব হয়ে চেরাগী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিল শেষ হয়।

ডা. শাহাদাত বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন রাজপথে দেখা যায় না। হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে কিছু টোকাই দিয়ে ফ্লাইওভারের উপর থেকে বোমা মারছে। এ ধরনের অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না। বাংলাদেশের জনগণ এসব সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেবে। অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তি শৃক্সখলা বিনষ্ট করার অপচেষ্টা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

ডা. শাহাদাত বলেন, দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশে বসে আগুন সন্ত্রাস করছে পলাতক আওয়ামীলীগ। ২০২৪ সালের জুলাই আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে অনুশোচনা নেই। এসময় দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে এনে দ্রুত ফাঁসির রায় বাস্তবায়নের দাবি জানান তিনি।

ডা. শাহাদাত বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী মানুষ অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবে না। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। তিনি বলেন, যারা বোমাবাজি করছে, লুটপাট করছে, থানা থেকে বিভিন্ন সরঞ্জাম লুট করছে, পুলিশের ওপর হামলা করছে, সাধারণ মানুষকে হত্যা ও নির্যাতন করছে এবং যানবাহনে আগুন দিচ্ছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

নগর বিএনপির সাবেক এ সভাপতি বলেন, নগরের শান্তিশৃক্সখলা রক্ষায় সজাগ থাকবে বিএনপি নেতাকর্মীরা। প্রতিটি ওয়ার্ডে শান্তি মিছিল করা হবে। তিনি বলেন, আজকের এই কর্মসূচি সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে। নগরীর শান্তি শৃক্সখলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় জনগণের পাশে আছি। এ শান্তির মিছিল নগরীর প্রতিটি ওয়ার্ডে অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সরফরাজ কাদের রাসেল, মহানগর বিএনপি নেতা মো. শাহ আলম, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, আমিন মাহমুদ, হাজী নুরুল আকতার, মনজুর রহমান চৌধুরী, আলহাজ্ব জাকির হোসেন, নূর হোসাইন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, এমদাদুল হক বাদশা, আব্দুল হালিম স্বপন, মোহাম্মদ ইদ্রিস আলী, শফিক আহমেদ, রমজু মিয়া, জাকির হোসেন, হাজী নবাব খান, এস এম মুফিজ উল্লাহ, আলী আব্বাস খান, খন্দকার নুরুল ইসলাম, রাশেদ চৌধুরী, মো. হাসান, সাব্বির আহমেদ, সৈয়দ আবুল বশর, হাজী আবু ফয়েজ, নূর হোসেন নুরু, দিদারুল আলম, আলমগীর আলী, মোহাম্মদ সালাউদ্দিন, মো. সারোয়ার, মামুনুর রশীদ, মো. আলাউদ্দীন, আজিজ উদ্দিন মিন্টু, নাছির উদ্দীন চৌধুরী নাসিম, আবদুল আহাদ রিপন, মহসিন কবির আপেল, আলিফ উদ্দিন রুবেল, বসিরুল ইসলাম পলাশ, সামিয়াত আমিন জিসান, তরিকুল ইসলাম তানভীর ও সালাউদ্দীন কাদের আসাদ।

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড় আকভানের প্রভাব, দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি