যুব সমাজের উদ্ভাবনী শক্তিতে আশার আলো

জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং প্রযুক্তিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে–২০২৬’–এর চট্টগ্রাম বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন।

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত এ বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে প্রধান ও সম্মানিত অতিথিরা তরুণদের সৃজনশীলতা, উদ্ভাবনী সক্ষমতা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল বৃহস্পতিবার সিভাসু ক্যাম্পাসে সকাল ১০টা থেকে আয়োজিত কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞান প্রকল্পের প্রদর্শনী শুরু হয়। পরে দুপুরে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করেন এবং অতিথিদের সাথে মতবিনিময় করেন।

যুব সমাজকে আশার আলো দেখাতে হবে : প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প পরিদর্শন শেষে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সাংবাদিকদের বলেন, গত ১৭–১৮ বছরে সমাজে যে অবক্ষয় হয়েছে, তা থেকে যুব সমাজকে বের করে আনতে হলে তাদেরকে একটি আশার আলো এবং উজ্জ্বল পথ দেখাতে হবে; যে পথ দিয়ে হাঁটলে তাদের জীবন আরও আলোকিত হবে। আজকের ইনোভেশন ফেয়ারে শিক্ষার্থীদের আইডিয়াগুলোকে ‘খুবই দারুণ ও চমৎকার’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব উদ্ভাবন যেমন একদিকে দারুণ, তেমনি অন্যদিকে বাণিজ্যিকভাবেও অত্যন্ত কার্যকর (কমার্শিয়ালি এফেক্টিভ)। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা, উদ্ভাবনী শক্তি ও সক্ষমতা সম্পর্কে জানতে পারছে। পাশাপাশি তারা নিজেরা যেমন আয়ের পথ খুঁজতে পারবে, তেমনি বাংলাদেশের অর্থনীতিতেও আরও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, এখানকার সবাইকে নার্সিং করা প্রয়োজন, তবে যেসব প্রজেক্ট দেশের জন্য প্রয়োজনীয় ও কার্যকর হবে, সেগুলোতে নিজস্ব ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য ও সহযোগিতা করা হবে। এছাড়া প্রাসঙ্গিক প্রকল্পগুলোর ক্ষেত্রে সরকারও যেন তাদের আরও সহায়তা করে এবং প্রতিভা বিকাশের সুযোগ দেয়, সেজন্য উদ্যোগ নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ট্যালেন্ট নয়, প্রয়োজন ফ্যাসিলিটেশন ও পলিসি সাপোর্ট : প্রধান অতিথির পর সম্মানিত অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিনও সাংবাদিকদের সাথে কথা বলেন। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তারুণ্য এবং দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। বাংলাদেশের শিক্ষার্থী ও শিক্ষকরা বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় উদ্ভাবনের সাথে জড়িত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, মেধা কখনোই কোনো সমস্যা ছিল না; বরং প্রশ্ন হলো তাদেরকে যথাযথভাবে ফ্যাসিলিটেট করা হচ্ছে কি না, পলিসি সাপোর্ট দেওয়া হচ্ছে কি না এবং সরকারের পক্ষ থেকে অনুপ্রেরণা জোগানো হচ্ছে কি না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের প্রতিটি অনুষঙ্গ একসাথে খুদে বিজ্ঞানীদের অনুপ্রেরণা যোগাতে চায়। এ ক্ষেত্রে জিয়াউর রহমান ফাউন্ডেশন বছরের পর বছর ধরে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত দেশব্যাপী প্রতিযোগিতার আয়োজন করে পথ দেখাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। মেলায় প্রদর্শিত প্রকল্পগুলোকে ‘ভেরি ইনস্পিরেশনাল’ অ্যাখ্যা দিয়ে মাহদী আমিন বলেন, এগুলো বাস্তব জীবনের সমস্যা সমাধান করছে এবং সরকারের নীতি–নির্ধারণী পলিসি ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সাথে সামঞ্জস্যপূর্ণ। এসব ভালো আইডিয়ার মাধ্যমে দেশের সমস্যার সমাধান, অগ্রগতি এবং উৎপাদন বৃদ্ধি সম্ভব বলে উল্লেখ করে তিনি জানান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের এ প্রোগ্রামটি দেশজুড়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে। ভবিষ্যতে যারা বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন। এছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশন ও আয়োজক কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশন জানায়, বিজ্ঞান মেলা প্রদর্শন ও মতবিনিময়ের পাশাপাশি পুরস্কার ও সনদ প্রদান এবং সমাপনী অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। সার্বিক দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী উমাশাহ উমায়ুন মনি চৌধুরী ও সদস্য সচিব ডা. এস এম সরোয়ার আলম। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয় বলেও ফাউন্ডেশন থেকে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটের গালা নাইট ও এম আর সিদ্দিকী স্মরণ বক্তৃতা
পরবর্তী নিবন্ধ৭৮৬