ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ কোটি ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১ বছর ১মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে জাবেদের স্ত্রী ও ইউসিবিএল এর সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড, ২৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
এছাড়া মামলার আরো ১৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় ১৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। জাবেদ ও তার স্ত্রী ছাড়া সাজাপ্রাপ্ত অন্য ১৫ আসামির মধ্যে ৮ জনকে ১০ বছর করে, ৫ জনকে ৫ বছর করে এবং ২ জনকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ১০ বছর করে কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, মো. আব্দুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান ও উৎপল পাল। তাদের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা করে জরিমানা (অনাদায়ে ১ মাসের কারাদণ্ড) দেওয়া হয়। ৫ বছর করে কারাদণ্ডাপ্রাপ্ত আসামিরা হলেন–আবদুল হামিদ চৌধুরী, মো. ইয়াছিনুর রহমান, মো. ইউছুফ চৌধুরী, মো. সাইফুল ইসলাম ও মো. শাহ আলম। এরমধ্যে আবদুল হামিদ চৌধুরীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে একমাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে অপরাধে সহযোগিতা করার অভিযোগে বজল আহমেদ বাবুল ও এম এ সবুর নামে দুই আসামিকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড (অনাদায়ে ১ মাসের কারাদণ্ড) দেওয়া হয়। খালাসপ্রাপ্তরা হলেন– মোহাম্মদ একরাম উল্লাহ, জিয়াউল করিম খান, মীর মেজবাহ উদ্দীন হোসাইন, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, রোকসানা জামান চৌধুরী, আফরোজা জামান, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, আরিফ কাদরী, প্রদীপ কুমার বিশ্বাস, মোহাম্মদ জাহিদ, মো. শহীদ, মো. সুমন, মো. ইলিয়াস তালুকদার ও ওসমান ভান্ডার।
আদালতের বেঞ্চ সহকারী সাহেদ কবির দৈনিক আজাদীকে রায়ের তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে জাবেদ ও তার স্ত্রীসহ বেশ কয়েকজন পলাতক। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। তিনি আরো বলেন, ৫৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, ৩৪২ ধারায় আসামি পরীক্ষা, সর্বশেষ যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্তরা প্রায় সকলে ইউসিবিএল ও আরামিট পিএলসি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা–কর্মচারী বলেও জানান তিনি।
গতবছরের ২৪ জুলাই দুদক প্রধান কার্যালয়ের উপ–পরিচালক মশিউর রহমান বাদী হয়ে জাবেদসহ ৩১ জনের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এ মামলাটি দায়ের করেন।
দুদক জানায়, ৩১ জনের বিরুদ্ধে মামলা হলেও তদন্তে ৩৬ জনের সম্পৃক্ততা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি চার্জশিট দাখিল করা হয়। এরপর গত ১১ মার্চ উক্ত ৩৬ জন আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।
চার্জশিটে বলা হয়, জাবেদের মালিকানাধীন আরামিট লিমিটেডের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী সাজিয়ে ‘ভিশন ট্রেডিং’ নামীয় একটি কাগুজে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দেখানো হয় এবং ২০১৯ সালের ১৩ অক্টোবর মিথ্যা তথ্য ও জাল কাগজপত্রের মাধ্যমে নগরীর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পোর্ট শাখায় একটি হিসাব খোলা হয়। পরের বছর অর্থাৎ ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি ভিশন ট্রেডিংয়ের নামে গম, মসুর, ছোলা, হলুদ মটর ক্রয়ের কথা উল্লেখ করে ১৮০ দিনের জন্য ২৫ কোটি টাকার টাইম লোনের আবেদন করা হলে কোনো রকম জামানত ছাড়াই উক্ত আবেদন মঞ্জুর হয় এবং একই বছরের ১২ মার্চ উক্ত ঋণটির চূড়ান্ত অনুমাদন দেওয়া হয়।
আত্মসাৎকৃত ঋণের গন্তব্যস্থল বিষয়ে বলা হয়, আত্মসাৎকৃত অর্থ হুন্ডি ও হাওলা প্রক্রিয়ায় প্রথমে সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) পাচার করা হয়। পরে সেখান থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালেশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়।










