বান্দরবানের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝরনা থেকে নিখোঁজের এক দিন পর মিসকাত (১৫) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। মিসকাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শিক্ষার্থী বন্ধু মিলে শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রে বেড়াতে যায়। পরে তারা পাশের আরেকটি ঝরনায় গোসল করতে নামে। গোসল শেষে পাঁচজন ওপরে উঠে এলেও মিসকাতের খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় বন্ধুরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে প্রথম দিন তার সন্ধান মেলেনি।
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কামাল হোসেন বলেন, ছয় শিক্ষার্থী একসঙ্গে ভ্রমণে গিয়েছিল। পাঁচজন নিরাপদে ফিরলেও মিসকাত নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বান্দরবান ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আরিফ বলেন, শৈলপ্রপাত এলাকায় ঝরনায় শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে তারা উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রথম দিন তাকে পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার সকালে ঝরনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।










