আট হাজার কি.মির দূরত্ব যেন ঘুচে গেল একটি বড় পর্দায়

রায় প্রচার দেখলেন রোহিঙ্গারা

শাহেদ মিজান, কক্সবাজার | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:০৮ পূর্বাহ্ণ

নেদারল্যান্ডসের হেগ শহরের পিস প্যালেস থেকে কক্সবাজারের উখিয়ার দূরত্ব প্রায় আট হাজার কিলোমিটার। অথচ বৃহস্পতিবার বিকেলে সেই দূরত্ব যেন ঘুচে গেল একটি বড় পর্দায়। উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের খোলা মাঠে হাজারো রোহিঙ্গা জড়ো হয়ে সরাসরি দেখলেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় ঘোষণা।

শুধু জামতলী নয়, কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পেও বড় পর্দায় রায় সমপ্রচারের ব্যবস্থা করা হয়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক আদালত মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে রায় ঘোষণা করে। ১৫ বিচারকের মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল ৩টায় আদালতের সভাপতি বিচারপতি ইওয়াসাওয়া ইউজি রায় পড়া শুরু করেন। প্রায় তিন ঘণ্টার শুনানি শেষে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতন, হত্যা, ধর্ষণ ও গ্রাম ধ্বংসের ভয়াবহ চিত্র উঠে আসে আদালতের পর্যবেক্ষণে।

আদালত জানায়, ২০১৭ সালের সামরিক অভিযানের আগে উত্তর রাখাইনে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বসবাস করতেন। তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। পুরুষ ও কিশোরদের গণহত্যা, নারীদের ওপর ব্যাপক ধর্ষণ, শিশুদের প্রতি নিষ্ঠুরতা এবং শত শত গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনাও উঠে আসে রায়ে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রোহিঙ্গাবিরোধী ঘৃণা ছড়ানোর পাশাপাশি হত্যাকাণ্ডের প্রমাণ নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। গণহত্যার গুরুতর ঝুঁকি সম্পর্কে মিয়ানমার জানত অথবা তাদের জানা উচিত ছিল।

এই রায় রোহিঙ্গাদের কাছে শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের নির্যাতন ও হারানো স্বজনদের বেদনার আন্তর্জাতিক স্বীকৃতি। তবে ক্যাম্পে বসবাসরত মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন–কবে ফিরতে পারবেন নিজেদের মাতৃভূমিতে?

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। তাঁদের সঙ্গে এসেছে এমন একটি প্রজন্ম, যাদের শৈশব কেটেছে শরণার্থী শিবিরে। জন্ম থেকে বেড়ে ওঠা–সবকিছুর ঠিকানা কক্সবাজারের ঘিঞ্জি ক্যাম্প। তাদের অনেকেই কখনো দেখেনি নিজেদের পূর্বপুরুষের ভিটেমাটি, মংডুর ধানক্ষেত কিংবা বুচিডংয়ের পাহাড়।

জাতিসংঘ শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, কক্সবাজারে বর্তমানে রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের হিসাবে, ক্যাম্পগুলোতে প্রতিবছর ৩০ থেকে ৩৫ হাজার শিশুর জন্ম হচ্ছে। ফলে গত নয় বছরে ক্যাম্পে জন্ম নেওয়া শিশুর সংখ্যা দুই লাখের বেশি হতে পারে। অর্থাৎ, রোহিঙ্গাদের একটি প্রজন্মের কাছে মিয়ানমার এখন কেবল বাবা–মায়ের মুখে শোনা একটি দেশ। আন্তর্জাতিক আদালতের এই রায় তাদের জন্মভূমিতে ফেরার দাবিকে নতুন করে আইনি ও নৈতিক ভিত্তি দিয়েছে।

তবে রায় ঘিরে আশার পাশাপাশি উদ্বেগও রয়েছে। শরণার্থীদের আশঙ্কা, এর প্রতিক্রিয়ায় রাখাইনে অবস্থানরত রোহিঙ্গাদের ওপর নতুন করে নির্যাতন চালানো হতে পারে। অন্যদিকে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন কতটা দ্রুত সম্ভব হবে, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক হলেও তা বাস্তবায়নের নিজস্ব কোনো ব্যবস্থা আদালতের হাতে নেই। মিয়ানমার রায় না মানলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে। কিন্তু সেখানে রাজনৈতিক সমীকরণ ও ভেটো ক্ষমতা বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের মতে, এই রায় আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এর পরপরই প্রত্যাবাসন শুরু হবে–এমন প্রত্যাশা করা ঠিক হবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ–বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসির উদ্দিনও মনে করেন, রোহিঙ্গাদের দাবির পক্ষে শক্ত আইনি ভিত্তি তৈরি হলেও রাতারাতি প্রত্যাবাসন সম্ভব নয়। এদিকে রাখাইনের বর্তমান পরিস্থিতিও প্রত্যাবাসন প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে প্রত্যাবাসন কার্যক্রমে আরাকান আর্মির সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আস্থা তৈরি করতেও দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে।

২০১৯ সালের ১১ নভেম্বর ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। পরবর্তী সময়ে আরও কয়েকটি দেশ এই মামলায় যুক্ত হয়। মানবাধিকার সংস্থাগুলোও রায়কে রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছে।

এদিকে সন্ধ্যা নামার আগে জামতলীর মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় বড় পর্দা। একে একে ঘরে ফিরে যান রোহিঙ্গারা। কিন্তু তাঁদের অপেক্ষার অবসান হয় না। আন্তর্জাতিক আদালতের রায়ে ন্যায়বিচারের স্বীকৃতি মিললেও নিরাপদে নিজ দেশে ফেরার নিশ্চয়তা এখনো অধরা।

এক প্রজন্ম হারানো জন্মভূমির বিচারের স্বীকৃতি পেয়েছে, আরেক প্রজন্ম অপেক্ষা করছে জীবনে প্রথমবারের মতো নিজের দেশকে দেখার। তাই রোহিঙ্গাদের কাছে এখন সবচেয়ে বড় প্রত্যাশা–আন্তর্জাতিক আদালতের এই রায় যেন কেবল কাগজে–কলমে সীমাবদ্ধ না থাকে, বাস্তবে নিশ্চিত করে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ