রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

আন্তর্জাতিক আদালতের রায় । ১০ হাজার মানুষকে হত্যা, ব্যাপক হারে ধর্ষণ ও গ্রামের পর গ্রাম জ্বালিয়েছে । শরণার্থীদের নিরাপদে দেশে ফেরার সুযোগ দেয়া ও ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ

আজাদী ডেস্ক | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:২০ পূর্বাহ্ণ

নয় বছর আগে রাখাইন রাজ্যে সামরিক অভিযান চালিয়ে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ১০ হাজার মানুষকে হত্যা, ব্যাপক হারে ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনায় মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একইসঙ্গে আদালত শরণার্থীদের নিরাপদে দেশে ফেরার সুযোগ দেওয়ার এবং ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে। আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া গতকাল বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগ শহরের পিস প্যালেস থেকে ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। খবর বিডিনিউজ, বাসস ও বিবিসি বাংলার।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া সাত বছর আগে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলার সূচনা করেছিল। এ রায়ের মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবার কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হল। সেই সঙ্গে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়ে থাকা এগারো লাখ রোহিঙ্গার অনিশ্চিত জীবনে বিরল এক আনন্দের উপলক্ষ হয়ে এল এই রায়। নাৎসি হলোকাস্টের পর থেকে এ পর্যন্ত কোনো আন্তর্জাতিক আদালত মাত্র চারবার গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে বলে রায় দিয়েছে। এবারের রায় সেই বিরল ঘটনাগুলোর একটি।

রায়ে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম নির্যাতন করেছে এবং বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টাকারীদের ওপর হামলা করেছে। এর মধ্য দিয়ে মিয়ানমার জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করে উত্তর রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে বলে প্রমাণ পেয়েছে আইসিজে। আদালতের পনের বিচারকের মধ্যে প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়াসহ নয় জন এ মতের পক্ষে রায় দেন। আর ভাইস প্রেসিডেন্ট জুলিয়া সেবুতিনদেসহ ছয় জন মত দেন বিপক্ষে।

‘নিরাপদ’ প্রত্যাবাসন : আদালত মিয়ানমারকে সহিংসতা থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ‘নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে তাদের বসতিস্থলে ফিরে যাওয়ার সুযোগ দিতে এবং প্রত্যাবাসন সহজ করতে’ নির্দেশ দিয়েছে। বিচারকরা মিয়ানমারকে গণহত্যার অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও নির্ধারণ করা হবে পরবর্তী সময়ে। আইসিজের রায় বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়নের কোনো সরাসরি ব্যবস্থা আদালতের হাতে নেই। ফলে মিয়ানমারের শাসকরা এসব নির্দেশ মেনে চলবে কি না, তা এখনো অনিশ্চিত। তবে এ রায় মিয়ানমারের নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

কী ঘটেছিল ২০১৭ সালে : ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে নিরাপত্তা বাহিনীর বেশ কিছু স্থাপনায় ‘বিদ্রোহীদের’ হামলার পর রোহিঙ্গাদের গ্রামে গ্রামে শুরু হয় সেনাবাহিনীর অভিযান। সেই সঙ্গে শুরু হয় বাংলাদেশ সীমান্তের দিকে রোহিঙ্গাদের ঢল। তাদের কথায় পাওয়া যায় নির্বিচারে হত্যা, ধর্ষণ, জ্বালাও–পোড়াওয়ের ভয়াবহ বিবরণ।

জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা মিয়ানমারের বাহিনীর ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে বর্ণনা করে। তবে অভিযোগ অস্বীকার করে মিয়ানমার দাবি করে, তাদের ওই লড়াই ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে, কোনো জাতিগোষ্ঠীকে নির্মূল করতে নয়। কিন্তু পরের বছর জাতিসংঘ গঠিত স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনী ‘গণহত্যার অভিপ্রায়’ থেকেই রাখাইনের অভিযানে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ধর্ষণের মত ঘটনা ঘটিয়েছে।

বৃহস্পতিবারের রায়ে বিচারপতি ইওয়াসাওয়া বলেন, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে। পুরুষ ও কিশোরদের গণহারে হত্যা, রোহিঙ্গা নারীদের ধর্ষণ ও যৌন নির্যাতন এবং শত শত গ্রাম পুড়িয়ে দেওয়া বা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। আদালত আরও বলেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হল, রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই এসব অপরাধ সংঘটিত হয়েছিল। গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় প্রতিষ্ঠা করতে হয়। আদালত মনে করেছে, মিয়ানমারের কর্মকাণ্ড সেই আইনি মানদণ্ড পূরণ করেছে।

‘ঐতিহাসিক দিন’ বলে প্রশংসা গাম্বিয়ার প্রেসিডেন্টের : গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারো বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই রায় ‘আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য একটি ঐতিহাসিক দিন,’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বেঁচে যাওয়া রোহিঙ্গা ও সাক্ষীদের সাহসের প্রশংসা করে বলেন, তাদের ‘সাক্ষ্যই এই ফলাফল সম্ভব করেছে,’ এবং তাদের অধ্যবসায় ‘সার্থক প্রমাণিত হয়েছে।’ ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘনের অভিযোগ এনে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল গাম্বিয়া।

লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বহিষ্কার : মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) থেকে রায় আসার পর দেশটির বিরুদ্ধে কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার। রায়ের পর লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে (ডিফেন্স অ্যাটাশে) বহিষ্কার করেছে দেশটি। তলব করা হয়েছে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে। এছাড়া এ রায় নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকেরও আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার। আইসিজের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এঙে এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলায় আইনি লড়াইয়ে আইসিজেতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ ১১টি দেশ যুক্ত হয়েছিল। রায়ের পরপরই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞার উপর ভিত্তি করে আমরা মিয়ানমারের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কারের নির্দেশ দিচ্ছি। রায়ের বিষয় আলোচনার জন্য জরুরি ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনের আহ্বান জানাচ্ছি।’

লন্ডনে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলবের তথ্য দিয়ে মিলিব্যান্ড বলেন, ‘আমরা মিয়ানমারের শার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করছি এবং দায়ীরা যাতে জবাবদিহিতার মুখোমুখি হয়, সেটার পদক্ষেপ সামনের দিনগুলোকে ঠিক করব আমরা। রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মিয়ানমারে তাদের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভূক্তিমূলক ভবিষ্যতের জন্য সহায়তার ক্ষেত্রে আমরা অবিচল থাকব।’

রায়ের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সমপ্রদায়ের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই ধরনের অপরাধ করে যে দায়মুক্ত থাকা যাবে না, আদালতের আদেশের মাধ্যমে সেই পরিস্কার বার্তা যাতে যায়, আমাদেরকে তা অবশ্যই নিশ্চিত করতে হবে। বছরের পর বছর ধরে রোহিঙ্গারা জঘন্য সহিংসতা, বাস্তুচ্যুতি ও নির্যাতন ভোগ করেছে। মিয়ানমারকে অবশ্য এই রায় মানতে হবে। রায়ের বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের জন্য জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিতের ক্ষেত্রে নিজের দায়িত্ব পালন করতে হবে আন্তর্জাতিক সমপ্রদায়কে।

‘কোনো মন্তব্য’ করেনি মিয়ানমার : রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জেনোসাইডে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের বিষয়ে এখন পর্যন্ত মিয়ানমারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হেগের আদালত প্রাঙ্গণ ত্যাগ করার সময় মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইংয়ের কাছে বিবিসি বার্মিজ সার্ভিস এ বিষয়ে তার মতামত জানতে চেয়েছিল। অপেক্ষমাণ গাড়ির দিকে হেঁটে গিয়ে গাড়িতে ওঠার সময় তিনি বলেন, ‘নো কমেন্ট।’ মিয়ানমার জেনোসাইডের দায় অস্বীকার করে যুক্তি দিয়েছিল যে, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবেই দেশটির বাহিনী পদক্ষেপ নিয়েছিল। তবে আদালত বলেছে, তাদের অভিযানের মাত্রা ও ধরন ‘সাধারণ জনগণকে শাস্তি দেওয়ার জন্য যা প্রয়োজন ছিল তার চেয়ে অনেক বেশি এবং এটি ওই জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার অভিপ্রায়েরই বহিঃপ্রকাশ।’

পূর্ববর্তী নিবন্ধআইসিজের রায়কে স্বাগত ঢাকার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে চুল্লির মুখ ভাঙল প্রশাসন, জরিমানা ১ লাখ টাকা