হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় হাটহাজারী–নাজিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। তারা উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী সিপাহীর বাড়ির মো. হারুনের ছেলে। নিহত অপরজন হলেন শাহাদাত হোসেন সিয়াম (১৭)। তিনি মেখল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পূর্ব মেখল মৌলভী আবদুল হামিদ বাড়ির প্রবাসী শফিউল আজমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে প্রবাস থেকে দেশে ফেরা তুষার ও ইরাত বৃহস্পতিবার দুপুরে ফরহাদাবাদের বাড়ি থেকে মোটরসাইকেলে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। চারিয়া মুছার দোকান এলাকায় পৌঁছালে নাজিরহাটমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইরাতকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত ফাহিম ও সিয়ামকেও চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সিয়ামের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগের চিকিৎসক সানজিদা তাবাসসুম তুষারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম বলেন, তার ইউনিয়নের বংশাল এলাকার দুই সহোদর মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন বলে তিনি শুনেছেন।
নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মুস্তাফিজুর রহমান গতকাল সন্ধ্যায় দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে হাটহাজারী–নাজিরহাট সড়কে কয়েক দিনের ব্যবধানে আরও দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গত ১৪ নভেম্বর সন্ধ্যায় সরকারহাট বাজারের উত্তর পাশে টেম্পো উল্টে চালক মোহাম্মদ সুমন (৩৫) নিহত হন। এর আগের দিন ১৩ নভেম্বর দিবাগত রাতে চারিয়া কলঘর এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা হাইসের ধাক্কায় আবির হোসেন (১৬) নিহত হন। তিনি মির্জাপুর ইউনিয়নের চারিয়া পশ্চিম কুলালপাড়ার বাসিন্দা ছিলেন। নির্মাণসহকারী আবির প্রতিবেশীর বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।











