ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে

লালমনিরহাটে জনসভায় প্রধানমন্ত্রী এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে আর নয়

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:১৩ পূর্বাহ্ণ

আগুন সন্ত্রাস মোকাবিলায় চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার লালমনিরহাটের মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনের পর এক জনসভায় তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, গত কয়েকদিন ধরে দেখেন, পলাতক থেকেও আবার তারা (আওয়ামী লীগ) সেই আগুনের সন্ত্রাস শুরু করেছে, আবার তারা মানুষকে পুড়িয়ে মারার হত্যার রাজনীতি শুরু করেছে, আবার তারা মানুষকে পিছন থেকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে। আসুন সকলে মিলে আমরা সেই সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার জন্য নিজেদেরকে আবারও চব্বিশের মতো প্রস্তুত করি। এই প্রস্তুতির আহ্বান আজকে রাখছি। খবর বিডিনিউজের।

প্রধানমন্ত্রী বলেন, একটি গ্রুপ, একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যেই মহলটি, যেই সন্ত্রাসী গ্রুপটি ষড়যন্ত্র শুরু করেছে; এরা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এদেশকে শাসন করেছিল। তিনি বলেন, যেই দেশে তারা পালিয়ে গেছে, সীমান্তের ওপারে– তারা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদেরকে খুশি করার জন্য তারা আবার এদেশে মানুষের বিরুদ্ধে, এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

অপরাজনীতি রুখতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সমগ্র বাংলাদেশে গণতন্ত্রকামী প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষকে আমি বলব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদেরকে সমুচিত জবাব দেই, সঠিকভাবে জবাব দেই, শক্তভাবে জবাব দেই। তিনি বলেন, যাতে করে তারা ভবিষ্যতে জনগণের ভাগ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। যাতে করে তারা বাংলাদেশের ভাগ্য নিয়ে, জনগণের ভাগ্য নিয়ে তাদের প্রভুদের নির্দেশ বাস্তবায়ন করতে না পারে।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ আর কোনো খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না, বাংলাদেশের মানুষ আর ভোট দখলের রাজনীতি চায় না। ক্ষমতাকে ধরে রাখার জন্য শেষ সময়ে তারা ১৪০০ মানুষকে হত্যা করেছে, ৬০ জন ছোট ছোট শিশুকে তারা হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, আর যাই হোক দেশ এবং জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকে না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, বাংলাদেশের মানুষ এখন শক্তি চায়, বাংলাদেশের মানুষ এখন তার এবং দেশের অগ্রগতি চায়। তাই যদি করতে হয়, যদি দেশ এবং জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, সকল রাজনৈতিক দল–যারা চব্বিশের সময়ে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, সকলকে আজ ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সন্ত্রাসী, এই অগ্নি সন্ত্রাসী, এই খুনিদেরকে পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে।

তারেক রহমান বলেন, ওদের সমুচিত জবাব দিতে হবে। কী সেই জবাব? জবাব হচ্ছে, ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে আর নয়’। বাংলাদেশের মানুষ আর সেই অগ্নি সন্ত্রাসের রাজনীতিতে যেতে চায় না, গুম–খুনের রাজনীতিতে যেতে চায় না।

তিনি বলেন, আমরা খাল খননের রাজনীতি করতে চাই, আমরা চাই আমাদের দেশের শিল্পকলকারখানাগুলাকে সঠিকভাবে গড়ে তুলতে এবং দেশে উৎপাদন বাড়াতে। আমরা চাই ফসলের উৎপাদন বাড়াতে, আমরা চাই আমাদের দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায় সেই ব্যবস্থা করতে; আমরা চাই আমাদের মা–বোনেরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। আমরা সেই রাজনীতি করতে চাই। আমরা সেই অতীত রাজনীতি আর করতে চাই না। সর্বস্তরের মানুষকে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসুন এই সন্ত্রাসের বিরুদ্ধে জবাব, ‘এনাফ ইজ এনাফ’। এই অপরাজনীতির বিরুদ্ধে জবাব, ‘এনাফ ইজ এনাফ’। আসুন এই দাবিতে অপশক্তির বিরুদ্ধে একটাই জবাব, ‘এনাফ ইজ এনাফ’। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমাদের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা, আমাদের রাজনীতি হবে পদ্মা ব্যারাজ বাস্তবায়ন করা, আমাদের রাজনীতি হবে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য রাজনীতি করা।

বিদেশে কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, শুধু তাই নয় প্রিয় ভাই–বোনেরা এই গত কয়েক মাসে এই দেশ থেকে আমরা দক্ষ–অদক্ষ শ্রমিকসহ যারা বিদেশে কাজ করে, ৫ লক্ষ আমাদের যুবক ভাইদেরকে আমরা বিদেশে পাঠিয়েছি। তিনি বলেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি যাতে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আরও মানুষ যাতে বিদেশে যেতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সেই ব্যবস্থা আমরা করছি।

বৃহস্পতিবার দুপুরে মহেন্দ্রনগরে এই জনসভা হয়। এতে হাজার হাজার নেতা–কর্মী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। জনসভার আগে প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন। পরে খালে মাছের পোনা অবমুক্ত করেন এবং খালের পাড়ে বৃক্ষরোপণ করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের এয়ারফিল্ডে পৌঁছান তারেক রহমান। সেখানে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রথম জাতীয় অ্যারো–জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশ নেন। জনসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারের বিরুদ্ধে রায় আন্তর্জাতিক ন্যায়বিচারের এক দৃষ্টান্ত : জাতিসংঘ মহাসচিব
পরবর্তী নিবন্ধআইসিজের রায়কে স্বাগত ঢাকার