জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারের বিরুদ্ধে এই রায় ‘আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত।’ এ ধরনের ভয়াবহ কর্মকাণ্ডের ক্ষেত্রে দায়মুক্তির সংস্কৃতি চলতে পারে না, বলে মন্তব্য করেছেন তিনি। খবর বিবিসি বাংলার।
এক বিবৃতিতে তিনি জানান, এই রায় বাধ্যতামূলক, চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। তিনি আরো বলেন, আদালতের এই সিদ্ধান্ত মেনে চলার বাধ্যবাধকতা অনুযায়ী মিয়ানমারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। গুতেরেস বলেন, আমি আবারো বলছি, মিয়ানমারে দায়মুক্তির চক্র ভেঙে ফেলা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জাতীয় সংহতি ও টেকসই শান্তির জন্য অপরিহার্য।












