রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছর বয়সী মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে বনশ্রীর বি–ব্লকের ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আসফিয়া জাহান নূর নামের ওই শিশুকে হত্যা করা হয়।
শিশুটির দূরসম্পর্কের দাদি ফরিদা ইয়াসমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে বিডিনিউজকে বলেন, ঘটনার দিন বিকেলে মেহেরুননেসা হোয়াটসঅ্যাপে ‘ভিউ ওয়ান্স’ সুবিধা ব্যবহার করে স্বামী আশরাফুল হক ইমনকে পরপর দুটি ভয়েস বার্তা পাঠান। প্রথম বার্তায় তিনি বলেন, ‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি।’ কিছুক্ষণ পর দ্বিতীয় বার্তায় বলেন, ‘আমি তোর মাইয়ারে মাইরা ফেলাইছি।’ বার্তা দুটি পাওয়ার পর ইমন তাদের বাড়ির মালিক এমদাদুল হককে ফোন করে দ্রুত ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিতে বলেন। বাড়ির মালিক সেখানে গিয়ে মেহেরুননেসার কাছে ঘটনার কথা জানতে চান। তখন মেহেরুননেসা বলেন, আমার মেয়েকে আমি মেরে ফেলেছি, আমাকে পুলিশে ধরিয়ে দিন, যা ইচ্ছা তাই করুন। এরপর বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে রামপুরা থানা পুলিশ ওই ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
ফরিদা ইয়াসমিন জানান, ছয় বছর আগে পারিবারিকভাবে ইমন ও মেহেরুননেসার বিয়ে হয়। বিয়ের প্রথম বছর সংসারে শান্তি থাকলেও পরে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। দুই পরিবার একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও বিরোধের অবসান হয়নি বলে জানান তিনি।
নিহত শিশুর বাবা আশরাফুল হক ইমন একটি কাপড়ের দোকানে কাজ করেন। মেহেরুননেসার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায়। তিনি ওই এলাকার মৃত মহসীনের মেয়ে। রামপুরা থানার এসআই মো. শাহাদাত হোসেন বলেন, ৯৯৯–এ খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় বনশ্রীর ওই বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ওই ফ্ল্যাটে স্বামী, স্ত্রী ও তাদের সন্তান থাকতেন। স্বামী–স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার সময় ইমন বাসায় ছিলেন না। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে জানিয়ে এসআই শাহাদাত বলেন, আটক মেহেরুননেসাকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।












