রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ামনার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) যে রায় দিয়েছে, সেটাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। রায় মেনে দ্রুততার সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়ার শুরুর আহ্বানও এসেছে ঢাকার তরফে। গতকাল বৃহস্পতিবার আইসিজের রায়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারের এমন অবস্থান জানান দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ ইসলাম। খবর বিডিনিউজের।
হুমায়ুন কবির বলেন, ‘আইসিজে’র রায়কে আমরা স্বাগত জানাই এবং আমরা সন্তুষ্ট। আপনারা হয়ত দেখে থাকবেন, এবারই প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য নিন্দা জানাল আইসিজে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে চালানো গণহত্যার জন্য মিয়ানমার রাষ্ট্রকে নিন্দা করা হয়েছে। অধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক আদালতের বিচার প্রক্রিয়ায় প্রথমবারের মতো এমনটা ঘটল।’
ক্ষতিপূরণের বিষয়ে রায় আসার কথা তুলে ধরে তিনি বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি আক্রান্ত দেশগুলোর ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে একটা ইতিবাচক ফল এখানে আছে। সুতরাং বাংলাদেশের জন্যও কিছু ইতিবাচক প্রভাব থাকবে।’
রোহিঙ্গা সংকট মোকাবিলায় এই রায়ের তাৎপর্যপূর্ণ থাকার বিষয়ে এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি যেভাবে বলেছি, প্রথমবারের মতো আইসিজে কোনো দেশকে গণহত্যার জন্য নিন্দা করল। এই বিশাল সংকট সমাধানের দিকে আমরা কীভাবে এগোতে পারি, সেক্ষেত্রে এটার গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে।’
আর প্রতিমন্ত্রী শামা বলেছেন, ‘আমরা আশা করব, মিয়ানমার সরকার কিছুটা হলেও বুঝতে পারবে, আরাকান আর্মি বুঝতে পারবে যে, এই রোহিঙ্গা জনগোষ্ঠী তারা তাদের নিজের দেশে সম্মানের সঙ্গে ফেরত যেতে চায় এবং আজকের রায়কে তারা সম্মান জানাবে। সম্মান জানিয়ে তারা এই রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়াটা শুরু করবে।’
আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই রায়ের ওপর ভিত্তি করে মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে যথেষ্ট চাপ আন্তর্জাতিক সমপ্রদায় চাইলে দিতে পারে, যেন আমরা যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে পারি।’












