প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি ক্যাম্পাসে ‘ইপসাশিখা’ প্রকল্পের আওতায় শিক্ষকদের অংশগ্রহণে ‘সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশনস ফর টিচার্স ইন ইউনিভার্সিটি’ শীর্ষক সচেতনতামূলক সেশন গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৪০ জন শিক্ষক এতে অংশগ্রহণ করেন।
ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের মূল লক্ষ্য হলো শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন, কমিউনিটি এবং অনলাইন প্ল্যাটফর্মে জেন্ডারভিত্তিক সহিংসতা, যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধ এবং প্রতিকারের জন্য কার্যকর ও টেকসই ব্যবস্থা গড়ে তোলা।
উল্লেখ্য, সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ওয়াইপিএসএ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় আয়োজিত এ সচেতনতামূলক সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ, সম্মানজনক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, কার্যকর অভিযোগ ব্যবস্থাপনা এবং শিক্ষক–শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সেশনের শুরুতে ‘ইপসাশিখা’ প্রকল্পের ম্যানেজার তুষার কুমার রায় পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন। ইপসার অ্যাসিসট্যান্ট ডিরেক্টর ফারহানা ইদ্রিস সেশন পরিচালনা করেন। তিনি জেন্ডারভিত্তিক সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে প্রকল্পটির কার্যক্রম এবং ইতিবাচক সামাজিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনয়নে এর ভূমিকা তুলে ধরেন। এ সময় যৌন হয়রানি শনাক্তকরণ, প্রতিরোধ, অভিযোগ জানানোর প্রক্রিয়া এবং ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা করা হয়।
বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি ব্যবস্থা, ভুক্তভোগীবান্ধব পরিবেশ এবং প্রয়োজনীয় কাউন্সেলিং ও সহায়তা কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এতে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির অভিযোগ কমিটির (কমপ্লেইন্ট কমিটি) আহ্বায়ক ড. মেহের নিগার, সদস্য গাজী শাহাদাত হোসেন, জুলিয়া পারভীন, আদিবা নাজিয়া ও সদস্য সচিব সালমা আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।










