সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন অনুষদের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে গতকাল মঙ্গলবার বায়েজিদ আরেফিন নগরে ‘কনকোর্স দ্য কুইজিন সিজন-৩’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণবন্ত অংশগ্রহণে এটি ছিল এক বর্ণিল রান্না প্রতিযোগিতা ও উৎসব।
উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের সিইও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী (অব.)। আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান সি এম আতিকুর রহমান, প্রতিযোগিতার বিচারকরা, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজসহ বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, অ্যালামনাই, শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী (অব.) বক্তব্যে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা, যোগাযোগ দক্ষতা ও নতুন প্রযুক্তি ব্যবহারে পারদর্শী হওয়ার পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রশংসা করেন এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যাল কুলিনারি স্কিলের গুরুত্ব তুলে ধরেন।
উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, যোগ্যতার প্রমাণ দিয়ে দেশে-বিদেশে রেডিসন ব্লুর মতো আন্তর্জাতিক তারকামানের হোটেলে সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উজ্জ্বল ক্যারিয়ার গড়তে সক্ষম হবেন।
অন্য অতিথিরা বলেন, রান্না একটি শিল্প। দেশে-বিদেশে এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ দক্ষতা উন্নয়নভিত্তিক শিক্ষা ও ইন্ডাস্ট্রি এনগেজমেন্টকে সব সময় উৎসাহিত করে, যা ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও প্রতিযোগিতামূলক ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা বৈচিত্র্যময় রান্নার প্রদর্শনীর মাধ্যমে তাঁদের প্রতিভা, উদ্ভাবনী ক্ষমতা, দলগত কাজ ও পেশাদারত্ব তুলে ধরেন। শেষে ধন্যবাদ জ্ঞাপন, বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ এবং অংশগ্রহণকারীদের উদযাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।











