চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র সমিতি চট্টগ্রাম কলেজিয়েটসের আয়োজনে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য স্কুলের ১৯০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী উপলক্ষে এক প্রস্তুতি সভা গত ১৬ নভেম্বর চট্টগ্রাম কলেজিয়েটস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ১৯০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক এবং সংগঠনের সিনিয়র সহ–সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। সমিতির সাধারণ সম্পাদক মোস্তাক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা উৎসবের নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
এ সময় স্কুলের যেসকল প্রাক্তন ছাত্র বর্তমানে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন, তাদের অনুরোধের ভিত্তিতে নিবন্ধন নিয়মে কিছুটা শিথিলতা আনা হয়। পূর্বে শুধুমাত্র আজীবন সদস্যদের অংশগ্রহণের নিয়ম থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যয়নরত শিক্ষার্থীরা আজীবন সদস্য পদের আংশিক ফি বাবদ ২ হাজার টাকা পরিশোধ করেই অনলাইনে নিবন্ধন করতে পারবেন। পরবর্তীতে অনুষ্ঠানের পর যে কোনো সময় বাকি ৩ হাজার টাকা পরিশোধ করলে তাদের সংগঠনের আজীবন সদস্য তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। সিনিয়র ও প্রবীণ আজীবন সদস্যদের নিবন্ধনে সহযোগিতা প্রদান ও অনলাইন নিবন্ধনে কারিগরি সহায়তা (টেকনিক্যাল সাপোর্ট) দেওয়ার জন্য আজ বুধবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ‘চট্টগ্রাম কলেজিয়েটস’ কার্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও অনুষ্ঠান সফল করতে এবং বিভিন্ন ইভেন্টস আয়োজনে সহযোগী হিসেবে এগিয়ে আসার জন্য সকল কলেজিয়েটসদের প্রতি আহ্বান জানানো হয়। আলোচনায় অংশ নেন এরাদত উল্লাহ, প্রফেসর ডা. মোহাম্মদ আলী, ফরিদুল আলম, ফজলুল হক, হারুনুর রশীদ পিন্টু, গোলাম মহিউদ্দিন মুকুল,রেজা মো. হক নেওয়াজ, আশীষ বড়ুয়া, জাহেদুল ইসলাম মজুমদার, নাজমুল সুমন, সমর বড়ুয়া, কাজী তানভীর, দ্বৈপায়ন পাল,মোসাব্বির বাঁধন, তৌহিদুল ইসলাম ,অ্যাডভোকেট এহতেশাম রিশতা, কাজী নাজমুস সাকিব রাকিন , মইন উদ্দিন শাকিল, এবং আশিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











