আওয়ামী লীগের পলাতক নেতা–কর্মীদের উস্কানিতে দেশে যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে, তাতে বিপদ ডেকে আনা হচ্ছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। এর মাশুল গুণতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অস্ত্রধারী মিছিল এবং তাদের গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পলাতক আওয়ামী লীগদের উসকানিতে নন–পলাতক আওয়ামী লীগ যারা আছেন তারা যেটা করছেন, এটা আসলে তাদের বিপদ ডেকে আনছে। কারণ এগুলো ফৌজদারি অপরাধ। এই ফৌজদারি অপরাধের মাশুল কিন্তু আসলে তাদেরকে দিতে হবে। সচিবালয়ে গতকাল মঙ্গলবার সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান কথা বলছিলেন। খবর বিডিনিউজের।
পুলিশের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী যেন পরিমিত বল প্রয়োগ করে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। তিনি বলেন, পুলিশ এমনভাবে কাজ করবে যেটা যাতে এফেক্টিভ হয় এবং বল প্রয়োগের পরিমাণ যেন প্রপোরশনেট হয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পুলিশ বল প্রয়োগ করবে, পুলিশের বল প্রয়োগের অধিকার আছে। কিন্তু সেটা আমরা এতদিন যে সমালোচনা করছিলাম সেই সমালোচনায় আমরা ভুগতে চাই না।
আওয়ামী লীগের যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে বেআইনি উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের নামে তো আসলে স্বাভাবিক ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। মানে আপনি আওয়ামী লীগের নামে একটা সাধারণ মিছিল করলেও সেটা এই মুহূর্তে বেআইনি। আপনি একটা সমাবেশ করলে, সভা করলে সেটাও বেআইনি। সেখানে নৃশংসতা এবং সহিংসতা দেখানো হয়েছে। বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা– এই ঘটনা সরকার টলারেট করার কোনো কারণ নেই।
প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী লীগ ঘনিষ্ঠদের বিষয়ে নজরদারি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সাথে অ্যালাইন্ড আছেন– ছিলেন, সেটা প্রবলেম না। তারা তো প্রজাতন্ত্রের কর্মচারী, কাজও করছেন। কিন্তু থাকাকালীন সময়ে তারা যদি অ্যালাইন্ড থাকেন এটা তো আসলে খুবই ভয়ঙ্কর কথা এবং সরকার সেই জায়গা ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবে এবং তার নিজস্ব মেকানিজম আছে, সরকারের প্রচুর টুলস আছে।
এছাড়া, শ্রমিক আন্দোলনসহ যেকোনো ন্যায্য আন্দোলনে ভর করে আওয়ামী লীগ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টার কথায়, চিহ্নিত আওয়ামী লীগ, যেটা আপনি সাঈদ খোকনের কথা বললেন বা যারা প্রজাতন্ত্রের কর্মচারীর পোশাকে আওয়ামী লীগ আছে, প্রত্যেক জায়গায় সরকারের নজরদারি সর্বোচ্চ পর্যায়ে আছে এবং আমি আপনাকে নিশ্চিত করি আমরা দ্রুত এই জিনিসগুলো ম্যানেজ করতে পারব। আগামী ১৯ তারিখ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি নিয়ে উদ্বেগের কিছু নেই বলেও জানিয়েছেন জাহেদ।
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের দুই শর্ত নিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, একটা রাষ্ট্র বা সরকার কখনো অফিশিয়ালি যদি কোনো রকম কোনো কথা অপর রাষ্ট্র থেকে না পায়, না জানে তাহলে সে এটাতে রেসপন্ড করার কোনো কারণ নেই। এটা একদম সোজাসাপ্টা কথা।
বাংলাদেশের একজন আসামি দেশে ফিরে কী করবেন বা তার বিচার কীভাবে হবে, তা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব আইনে নির্ধারিত হবে বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, এটা নিয়ে ভারত বা অন্য কোনো দেশ এটা নিয়ে আসলে কথা বলতে পারেনি, তারা কথা বলবেন বলে আমি বিশ্বাসও করি না। ইন্ডিয়ান সরকার কোনো শর্ত দেবেন সেটা আমি মোটেও বিশ্বাস করি না। একেবারেই না, একেবারেই না।
বাংলাদেশ কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদেরকে অন্যায় চাপ দিয়ে কিছু করানো যাবে, আমাদের অন্যায় চাপ দিয়ে আমরা মানে ভেঙে পড়ব– ওই যুগটা ৫ আগস্টের সাথে সাথে শেষ হয়ে গেছে। বাংলাদেশ একটা সভরেন স্টেট।











