সোহেলের সর্বোচ্চ সাজা বহাল, স্বপ্না খালাস

রামিসা হত্যা রায়ের পর্যবেক্ষণে যা বলা হয়েছে

আজাদী ডেস্ক | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট। আর তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস দেওয়া হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে গতকাল এ রায় ঘোষণা করে।

রায়ে সন্তোষ প্রকাশ করে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বলেন, সার্বিকভাবে বাংলাদেশের ইতিহাসে এটি দ্রুততম বিচারগুলোর একটি। এদিক থেকে আমি সন্তুষ্ট। হাই কোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন এবং স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন। রায়ের বিস্তারিত জেনে পরবর্তী করণীয় ঠিক করব। খবর বিডিনিউজের।

স্বপ্না খাতুনের খালাসের বিরুদ্ধে আপিল করা হবে কি না, জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে মামলাটি পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে সরকারের মতামত প্রয়োজন। পাশাপাশি মামলার বাদী রামিসার বাবার সঙ্গেও পরামর্শ করতে হবে। আগের দিন সোমবার একদিনে এ শুনানি সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির ও মোহাম্মদ ওসমান চৌধুরী। আসামি পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

যে কারণে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস : রায়ের পর্যবেক্ষণে বলা হয়, সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে নিজের বাইরে অন্য কারও সম্পৃক্ততার কথা তিনি বলেননি। শুধু বলেছেন, তার স্ত্রী স্বপ্না খাতুন তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

বিচারক ভীষ্মদেব চক্রবর্তী বলেন, ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আট নম্বর সাক্ষীর সাক্ষ্য এবং ময়নাতদন্ত প্রতিবেদনসহ অন্যান্য সাক্ষ্য–প্রমাণ চিকিৎসক ১৯ নম্বর সাক্ষীর সাক্ষ্যে সমর্থিত হয়েছে। এসব সাক্ষ্য–প্রমাণে আদালত নিশ্চিত হয়েছেন, হত্যাকাণ্ডটি সোহেল রানাই করেছেন এবং ধর্ষণের ঘটনাটিও তার মাধ্যমেই সংঘটিত হয়েছে।

পর্যবেক্ষণে বলা হয়, সোহেল রানা অপরাধটি করেননি–এমনটি বিশ্বাস করার কোনো কারণ নেই। অপরাধটি ছিল নৃশংস, ভয়াবহ ও অস্বাভাবিক পন্থায় সংঘটিত। ভুক্তভোগী ছিল কোমল বয়সের অসহায় একটি শিশু। তাই তার মৃত্যুদণ্ড কমানোর কোনো কারণ আদালত দেখেননি। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই যথাযথ শাস্তি বলে মনে করেন আদালত।

যে কারণে স্বপ্না খালাস : ট্রাইব্যুনাল সোহেল রানাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ও ৩০ ধারায় দোষী সাব্যস্ত করেন। ৯ (২) ধারায় ধর্ষণ বা ধর্ষণ–পরবর্তী অন্যবিধ কার্যকলাপের ফলে নারী বা শিশুর মৃত্যু হলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। অন্যদিকে, ৩০ ধারায় অপরাধ সংঘটনে প্ররোচনা বা সহায়তার জন্য মূল অপরাধের সমান শাস্তির বিধান রাখা হয়েছে।

তবে সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার স্ত্রী স্বপ্না খাতুন অপরাধ সংঘটনে কোনোভাবে সহায়তা করেছেন–এমন কোনো বক্তব্য নেই বলে রায়ে বলেছে হাই কোর্ট। পর্যবেক্ষণে এও বলা হয়, অন্য সাক্ষীর মাধ্যমেও স্বপ্না খাতুনের কার্যকরী কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

পল্লবীর ১১ নম্বর সেকশন এলাকার একটি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকত রামিসা। সে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। আসামি সোহেল ও স্বপ্না ওই বাসার অন্য ফ্ল্যাটে সাবলেট থাকতেন। ১৯ মে দুপুরে সোহেলদের বাসা থেকে রামিসার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ সেখান থেকে স্বপ্নাকে আটক করে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে স্বপ্না বলেন, রামিসাকে বাথরুমে আটকে রেখে ধর্ষণ করে মেরে ফেলেন সোহেল। লাশ গুম করার জন্য মাথা ছুরি দিয়ে কেটে আলাদা করেন এবং দুই হাত কাঁধ থেকে অর্ধ বিচ্ছিন্ন করে মৃতদেহ বাথরুম থেকে এনে শোবার ঘরের খাটের নিচে রেখে দেন। কাটা মাথা বাথরুমের বালতির মধ্যে রেখে জানালার গ্রিল কেটে সোহেল পালিয়ে যান।

রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা ঘটনার দিনই দুইজনকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন। পরদিন সোহেল দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আর স্বপ্নাকেও পাঠানো হয় কারাগারে। ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনাটি সারা দেশে ক্ষোভের জন্ম দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাসায় গিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সমবেদনা জানান। আশ্বাস দেন, বিচার দ্রুত শেষ করার।

এরপর বিচার শুরুর মাত্র ১৯ দিনের মাথায় ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায়ে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগী পরিবারকে দিতে বলা হয়।

রায়ের পর দুই আসামিকে কনডেম সেলে পাঠানো হয় এবং সেখান থেকেই তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন। গত ৯ জুন ৬৯ পৃষ্ঠার রায় ও অন্যান্য নথিপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়। এরপর হাই কোর্টের নির্দেশে আইনজীবী হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে সোমবার শুনানি করেন। পরদিন রায় ঘোষণা করল হাই কোর্ট।

পূর্ববর্তী নিবন্ধজন্মনিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায় করলে ব্যবস্থা : চসিক প্রশাসক
পরবর্তী নিবন্ধআ. লীগের পলাতকরা উসকানি দিয়ে বিপদ ডেকে আনছে : তথ্য উপদেষ্টা