নগরীতে ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিএমপি কমিশনার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী নগরীতে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নগরীর দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন।

একই সঙ্গে হত্যা মামলাসহ অন্যান্য মামলা দ্রুত নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং জনগণকে কার্যকর পুলিশি সেবা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসান মো. শওকত আলী। তিনি বলেন, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সংশ্লিষ্ট উপ–পুলিশ কমিশনারদের নিজ নিজ এলাকায় অপরাধ প্রতিরোধে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ কমিশনার। ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়ে সভায় ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন কমিশনার। সভায় অক্টোবর মাসে বিভিন্ন ক্যাটাগরিতে দায়িত্ব পালনে সর্বোচ্চ পারফরম্যান্স করা পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

এতে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ–পুলিশ কমিশনার (ডিবি–দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ১০ লাখ টাকা বকেয়া, দুই গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করল ওয়াসা
পরবর্তী নিবন্ধজন্মনিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায় করলে ব্যবস্থা : চসিক প্রশাসক