মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে : বোর্ড চেয়ারম্যান

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ৬:২০ পূর্বাহ্ণ

তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেদিন বেলা সাড়ে ১১টায় শ্রম ভবনে অনুষ্ঠেয় সভায় বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সভাপতিত্ব করবেন। গতকাল মঙ্গলবার সকালে বোর্ড সচিব রাইসা আফরোজের সই করা নোটিসে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এর আগে সোমবার সকালে সেদিনের বৈঠক অনিবার্যকারণে স্থগিত হওয়ার কথা জানানো হয়। এ বৈঠকে মালিকপক্ষের মজুরি কাঠামোর প্রস্তাব করার কথা ছিল। এদিকে বোর্ড চেয়ারম্যান জানান, মজুরি ঘোষণার তারিখ যেদিনই নির্ধারণ করা হোক না কেন, নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। খবর বাসসের।

এর আগে ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ। এ সভা স্থগিতের পেছনে সরকার ও মালিকপক্ষের কূটকৌশল রয়েছে বলে অভিযোগ করছেন শ্রমিক নেতারা। তবে মালিকপক্ষ বলছে, নিম্নতম মজুরি ঘোষণার ব্যাপারে তারাও আন্তরিক। শিগগিরই তারা স্থগিত হওয়া বৈঠকে বসে নিম্নতম মজুরির প্রস্তাব দিতে চান।

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে কোনো ধরনের গুজব, ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, মজুরি ঘোষণার তারিখ যেদিনই নির্ধারণ করা হোক না কেন, নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সৈয়দ আজাদ সুবহানী জানান, বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় গতকালের সভাটি স্থগিত করা হয়। আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে। তিনি শ্রমিকদের গুজব বা ভুয়া তথ্যে কান না দেয়ার এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানান। মজুরি কার্যকরের সময়সীমা সম্পর্কে বোর্ড চেয়ারম্যান বলেন, ঘোষণা যেদিনই আসুক, নিম্নতম মজুরি আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের জন্য গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় জরুরি সভা অনুষ্ঠিত হয়। তবে এসব উদ্যোগের পরও কয়েকটি এলাকায় শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার। পুলিশের পাশাপাশি বিজিবি ও এপিবিএন সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধবালু উত্তোলনে বাধা দেওয়ায় চা শ্রমিকদের মারধরের হুমকি