ফটিকছড়িতে কর্ণফুলী চা বাগানের ভেতরের কুতুবছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় চা শ্রমিকদের হুমকি দেওয়া হয়। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে টানা ৩ ঘণ্টা কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাগানের শ্রমিকরা।
চা শ্রমিক সূত্রে জানা যায়, গতকাল সকালে ১০ থেকে ১২ জন যুবক কুতুবছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে। এ সময় চা শ্রমিকরা বাধা দিলে ওই যুবকরা শ্রমিকদের ওপর চড়াও হয় এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ রেখে বাগান এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
অবস্থান কর্মসূচিতে চা শ্রমিক রিমা দে ক্ষোভ প্রকাশ করে বলেন, খালের পাশেই আমাদের শ্মশান এবং আমরা প্রতিদিন এই খালে গোসল করি। অবৈধভাবে বালু তোলার কারণে আমাদের শ্মশান ও গোসলের ঘাট এবং বাড়িঘর ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের ওপর তেড়ে আসে এবং ধর্ষণের হুমকি দেয়। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
চা শ্রমিক করুনা তাঁতী বলেন, আমরা পেটের দায়ে বাগানে কাজ করি। কিন্তু বহিরাগতরা এসে আমাদের পরিবেশ ধ্বংস করছে এবং আমাদের মা–বোনদের ইজ্জত নিয়ে হুমকি দিচ্ছে। এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা নিরাপদ বোধ করছি না।
অন্য এক শ্রমিক রূপনা সিং ক্ষোভ জানিয়ে বলেন, খাল থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে পাড় ভেঙে যাচ্ছে। এতে আমাদের বসতভিটা, শ্মশান এবং বাগানের জমি হুমকির মুখে পড়েছে। বাধা দিতে গেলেই তারা মারমুখী আচরণ করে।
এ সময় তপন নাথ ও অরুণ তাঁতীসহ অন্যান্য শ্রমিক নেতারা বলেন, বারবার নিষেধ করার পরও একটি চক্র জোরপূর্বক বালু তুলে নিয়ে যাচ্ছে। আজ তারা শ্রমিকদের সাথে অসদাচরণ করছে হুমকি দিচ্ছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
এ বিষয়ে কর্ণফুলী চা বাগানের গ্রুপ ম্যানেজার মোহাম্মদ রাশেদ জানান, বালু উত্তোলনের বিষয়ে আমরা সোমবার তাদের নিষেধ করেছিলাম। কিন্তু মঙ্গলবার সকালে আমাদের অনুপস্থিতিতে তারা আবারও বালু তুলতে শুরু করে এবং শ্রমিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটায়। বিষয়টি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে ফটিকছড়ি সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, খবর পেয়ে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে একটি ড্রেজার, ২২টি পাইপ ও প্রায় ২০০০ ঘনফুট বালু আটক করা হয়। জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রয় করে সরকারি কোষাগারে অর্থ জমা প্রদান করার জন্য নোটিশ প্রদান করা হয়।






