দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমের ব্যবসাপ্রতিষ্ঠান ইলিয়াস ব্রাদার্সে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি। হামলার প্রতিবাদে গতকাল দুপুরে তাৎক্ষণিকভাবে খাতুনগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বক্সিরহাট ওয়ার্ড বিএনপি। সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলা–ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা এবং ইলিয়াস ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক সোহেব রিয়াদ।
নাজিমুর রহমান বলেন, ফ্যাসিস্টের দোসররা আবারও হামলা–ভাঙচুরের পথ বেছে নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা তাদের অতীতের সহিংস রাজনীতিরই পুনরাবৃত্তি। ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং শিল্পাঞ্চল ও তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার মাধ্যমে তারা দেশের অর্থনৈতিক পরিবেশকে বিপর্যস্ত করতে চায়। অতীতে এমন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা নিজেদের রাজনৈতিক পরিচয়ের যে পুনরাবৃত্তি ঘটিয়েছে, আজও তার ব্যতিক্রম ঘটেনি। ব্যবসায়ী, শ্রমিক, উদ্যোক্তা ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে কোনো রাজনৈতিক লক্ষ্য অর্জন করা যাবে না। এসব ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু হামলাকারীদের নয়, যারা নেপথ্যে থেকে পরিকল্পনা করছে, মদদ দিচ্ছে এবং অর্থের জোগান দিচ্ছে, তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে খান, সাবেক সহ–সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী আশু, বিএনপি নেতা আকতার খান, ইয়াকুব খান বাবু, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ আবুল বশর, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী নুরুল আকতার সওদাগর, মহানগর বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক এ কে এম পেয়ারু ও সালাউদ্দিন কায়ছার লাভু, সাবেক সহ–ছাত্রবিষয়ক সম্পাদক ইউনুস চৌধুরী হাকিম, সদস্য জসিমউদ্দীন মিন্টু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস এম মফিজ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নবাব খান, আহ্বায়ক এটিএম ফরিদ ও সদস্য সচিব ইয়াকুব চৌধুরী নাজিম, পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন, দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সদস্য মো. সাব্বির, পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. আজগর এবং বঙিরহাট ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলাম সেলিম, শাহাজাহান সর্দার, রফিকুল আলম, নুরুল আলম মজনু, এম এ হাসেম ও বেলাল উদ্দিন চৌধুরী।







