কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ লক্ষ্যে ‘জানবাজি রেখে মাঠে নামার’ বার্তা দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী, গত ১৪ নভেম্বর থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
এদিকে একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। রোববার বিকেল তিনটার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা উভয় পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের সূত্র উদ্ঘাটন এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছিল। আদালত আগামী সাত দিনের মধ্যে রিমান্ডের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
নিউজ ট্যাগ :
স্লাগ (English):












