পাঁচ ঘণ্টা পর চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে কাজ শুরু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ৪:৫৫ অপরাহ্ণ

কর্তৃপক্ষের আশ্বাসের পর পাঁচ ঘণ্টার কর্মবিরতি শেষে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) কাজ শুরু করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ৮টায় সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। পরে দুপুর ১টার দিকে আবার কনটেইনার ওঠানো-নামানোর কাজ শুরু হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে এনসিটি ও সিসিটি টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম চলছে।

বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে পাঁচ শতাধিক শ্রমিক এই কর্মবিরতি পালন করেন। শ্রমিকদের অভিযোগ, কয়েক মাস ধরে পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসছেন তাঁরা। এ বিষয়ে সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষকে একাধিকবার আলটিমেটাম দেওয়া হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনে কাজের পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাসসহ বিভিন্ন আর্থিক সুবিধা।

দীর্ঘদিন ধরে এসব দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতিতে নেমেছেন বলে জানান আন্দোলনরত শ্রমিকেরা।

পূর্ববর্তী নিবন্ধন্যূনতম মজুরি ৩২ হাজার টাকাসহ ১৫ দাবিতে চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন