ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১-এর একটি দল বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, এসআরবি তাঁকে ডিবির কাছে হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাঈদ খোকনের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে একাধিক অনুসন্ধান ও মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তাঁর, তাঁর বোন শাহানা হানিফ এবং একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৩০৪ টাকা অর্থপাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের অভিযোগ, ‘সাঈদ খোকন প্রপার্টিজ লিমিটেড’-এর বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে স্তরভিত্তিক লেনদেনের মাধ্যমে (লেয়ারিং) এই অর্থ স্থানান্তর করা হয়েছে। এ লেনদেন সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের সাতটি হিসাবের মাধ্যমে সম্পন্ন হয়।
এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছিল, সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান ও বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের আশঙ্কা থাকায় হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
এ ছাড়া ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন, তাঁর মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছিল।










