শ্রমিকের ন্যায্য মজুরি, চাকরির নিরাপত্তা ও শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করাসহ ১৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। আজ সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে পরিষদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্যসচিব ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) চট্টগ্রামের যুগ্ম সমন্বয়ক সৈয়দ রবিউল হক শিমুল, বাংলাদেশ গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশন চট্টগ্রাম জেলা সভাপতি মোরশেদ আলম, বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ সাগর, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা সভাপতি মো. সোহেল হক, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা সভাপতি মো. আলা উদ্দিন, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা সভাপতি আবু আহমেদ মিঞা, বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন চট্টগ্রাম জেলা সভাপতি রূপন দাশ, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা সভাপতি আব্দুল জলিল ভূঁইয়া, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা সভাপতি মো. সোহাগ হোসেন, বাংলাদেশ ফেডারেল গার্মেন্টস ওয়ার্কার চট্টগ্রাম জেলা সভাপতি কে এম শহিদুল্লাহ, বাংলাদেশ জনস্বাধীন গার্মেন্টস ফেডারেশন চট্টগ্রাম জেলা সভাপতি নুরুল আবছার তৌহিদ, আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা সভাপতি দুলাল ব্রম্মণ, টিইউসির কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, ইউনাইটেড গার্মেন্টস শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক লুৎফন নাহার সোনিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল চট্টগ্রাম জেলা সভাপতি হাসিবুর রহমান বিপ্লব এবং গার্মেন্টস শ্রমিক দল চট্টগ্রাম জেলা সভাপতি ফাতেমা আকতার হেনা তানিয়াসহ অনেকে।
সংবাদ সম্মেলনে উপস্থাপিত দাবিগুলো হলো:
১. বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ করতে হবে এবং দ্রুত কার্যকর করতে হবে।
২. মজুরি বোর্ডের কার্যক্রমে শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ ও শ্রমিকদের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে হবে।
৩. প্রতিটি কারখানায় নিয়মিত মাসিক বেতন, ওভারটাইম, উৎসব ভাতা ও অন্যান্য আইনগত পাওনা নির্ধারিত সময়ে পরিশোধ করতে হবে।
৪. শ্রমিক ছাঁটাই, বিনা নোটিশে কারখানা বন্ধ এবং শ্রমিকদের ন্যায্য পাওনা আত্মসাতের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৫. বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে হবে। যেসব কারখানা চালু করা সম্ভব নয়, সেগুলোর শ্রমিকদের আইনগত ক্ষতিপূরণ ও পাওনাদি দ্রুত পরিশোধ করতে হবে।
৬. এ শিল্প বাঁচিয়ে রাখতে সরকার ও মালিকদের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে হবে। শ্রমিকদের কাজের নিশ্চয়তায় শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।
৭. বিদেশি ক্রেতাদের কাছ থেকে ন্যায্য উৎপাদনমূল্য ও উপযুক্ত ক্রয়াদেশ নিশ্চিত করতে সরকার, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
৮. শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার, সংগঠন করার স্বাধীনতা এবং গণতান্ত্রিক শ্রম অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ওপর হয়রানি, ভয়ভীতি এবং অন্যায়ভাবে মামলা-হামলা বন্ধ করতে হবে।
৯. কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মাতৃত্বকালীন সুবিধা প্রদানে বৈষম্য (সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা ১৮০ দিন এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা ১২০ দিন) নিরসন, যৌন হয়রানি প্রতিরোধ এবং শিশুদের জন্য প্রয়োজনীয় পরিচর্যা সুবিধা নিশ্চিত করতে হবে। মজুরি বৃদ্ধির আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কারাবন্দি শ্রমিক নেতাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। নিহত শ্রমিক তৌফিকের পরিবারকে শ্রম আইন অনুযায়ী সব সুবিধা দিয়ে এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম তহবিল থেকে আজীবন ক্ষতিপূরণ দিতে হবে।
১০. প্রতিটি কারখানায় অগ্নিনিরাপত্তা, ভবনের কাঠামোগত নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
১১. শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং শ্রম অধিদপ্তর ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যক্রম আরও জবাবদিহিমূলক করতে হবে।
১২. শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা, স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চিকিৎসা ও আবাসন সুবিধা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। সরকারি উদ্যোগে শিল্পাঞ্চলগুলোতে দ্রুত সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে।
১৩. চট্টগ্রাম অঞ্চলের বন্ধ ও ঝুঁকিপূর্ণ পোশাক কারখানাগুলোর বিষয়ে মালিক, শ্রমিক প্রতিনিধি ও সরকারের সমন্বয়ে কার্যকর ত্রিপক্ষীয় কমিটি গঠন করতে হবে।
১৪. পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী শিল্পব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে শ্রমিকদের কর্মসংস্থান ও জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
১৫. সরকার পোশাকশ্রমিকদের ৩০ টাকা কেজি দরে মাসে ১০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধু ১০ কেজি চাল খুবই অপ্রতুল। তাই মাসে ৩০ কেজি চাল, ২ কেজি চিনি, ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি ডাল এবং ১০ কেজি আটা ভর্তুকি মূল্যে সরবরাহের জোর দাবি জানানো হয়।










