বন্দর নগরী এডেন বাঁচাতেই পিছু হটেছে ইয়েমেনি সেনারা

হুতি আক্রমণ

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

ইরান–সমর্থিত হুতিদের সঙ্গে কয়েক সপ্তাহের তীব্র লড়াইয়ের পর ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেন রক্ষায় সেনা সরিয়ে নিচ্ছে সৌদি আরব–সমর্থিত সরকারপন্থি বাহিনী। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল–মান্দেব ও এর আশপাশের এলাকা থেকে সেনাদের সরিয়ে এডেন এবং পার্শ্ববর্তী এলাকায় মোতায়েন করা হচ্ছে। রোববার দক্ষিণাঞ্চলীয় সশস্ত্র বাহিনী এ তথ্য জানিয়েছে। তবে হুতি–পরিচালিত সংবাদমাধ্যমের দাবি, সেনা প্রত্যাহারের পর ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এ বিষয়ে সৌদি আরব কোনো মন্তব্য করেনি।

সাউদার্ন আর্মড ফোর্সেসের বিবৃতিতে বলা হয়েছে, ‘ধুবাব বিমানবন্দর এবং বাব আল–মান্দেব প্রণালি থেকে’ সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। সম্মুখসারির অবস্থান সুসংহত করা, বিদ্যমান হুমকি মোকাবিলা এবং রাজধানী এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তাকে অগ্রাধিকার দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

গত সেপ্টেম্বরে আকস্মিক অভিযানে হুতিরা বাব আল–মান্দেবের আশপাশের এলাকা দখল করে নেয়। পেরিম দ্বীপ ও কৌশলগত বন্দরনগরী মোখাও তাদের নিয়ন্ত্রণে যায়। এরপর এলাকাগুলো পুনরুদ্ধারে অভিযান শুরু করে সরকারপন্থি বাহিনী। জলপথটির নিয়ন্ত্রণ হুতিদের হাতে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির চাপ তৈরি হয়। কারণ, হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব তেল রপ্তানিতে লোহিত সাগরের ওপর নির্ভর করছিল। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সংঘাত তীব্র হওয়ার পর থেকে ইয়েমেনে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। কয়েক শ মানুষ নিহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধআমরা আপনাদের খুঁজে বের করব
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১,আহত ১৬