মহাকাশে উৎক্ষেপণের প্রায় ১০ মিনিটের মাথায় মাঝপথে ব্যর্থ হয়েছে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) ভলকান রকেট। এতে অ্যামাজনের ইন্টারনেট সেবা নেটওয়ার্ক লিওর ৪০টি স্যাটেলাইট ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে রোববার রকেটটি উৎক্ষেপণ করা হয়। তবে ঠিক কী কারণে এটি ব্যর্থ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বোয়িং ও লকহিড মার্টিনের যৌথ উদ্যোগে গড়ে ওঠা ইউএলএর ইতিহাসে এটিই প্রথম উৎক্ষেপণ ব্যর্থতার ঘটনা।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই ব্যর্থতা কোম্পানিটির নতুন প্রধান রকেট ভলকানের জন্য বড় ধাক্কা। অ্যামাজনের দ্রুত সমপ্রসারণশীল স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্কের জন্য নিয়মিত রকেট উৎক্ষেপণ শুরু করার প্রস্তুতি নিচ্ছিল ইউএলএ। খবর বিডিনিউজের।
বিবৃতিতে ইউএলএ বলেছে, তাদের উৎক্ষেপণ পরিচালকের কাছে আসা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, স্পেস লঞ্চ কমপ্লেক্স ৪১ থেকে উৎক্ষেপণের ১০ মিনিটের মাথায় ভলকান রকেটে ত্রুটি দেখা দেয়। ফলে অ্যামাজনের স্যাটেলাইটগুলোকে কক্ষপথে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। কোম্পানিটি আরও বলেছে, প্রতিটি উৎক্ষেপণ থেকেই তথ্য পাওয়া যায় এবং প্রতিটি অভিযান নতুন কিছু শেখায়। তবে ত্রুটিটি মাত্র ঘটেছে বলে কী কারণে এমন হয়েছে, তা বোঝার মতো সুনির্দিষ্ট তথ্য এখনো তাদের হাতে নেই। এই ব্যর্থতার পর দীর্ঘ সময় ধরে প্রযুক্তিগত তদন্ত চালাতে হতে পারে। ফলে কয়েক মাসের জন্য রকেটটির উৎক্ষেপণ কার্যক্রম বন্ধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের মহাকাশযান উৎক্ষেপণ খাতে চাপ আরও বাড়তে পারে। বিভিন্ন রকেটের দুর্ঘটনা, শিল্প খাতের নানা চ্যালেঞ্জ এবং বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত রকেট স্পেসএক্সের ফ্যালকন নাইন–এর সম্ভাব্য অবসরের কারণে এমনিতেই উৎক্ষেপণ সক্ষমতা নিয়ে উদ্বেগ রয়েছে। ফ্যালকন নাইন দিয়ে নতুন উৎক্ষেপণের বুকিং নেওয়াও বন্ধ রেখেছে স্পেসএক্স।
অ্যামাজন এক বিবৃতিতে বলেছে, যে কোনো উৎক্ষেপণেই ঝুঁকি থাকে, বিশেষ করে এলভি–০১–এর মতো প্রথম দিকের অভিযানে। ইউএলএ অ্যামাজনের বিশ্বস্ত সহযোগী। এই অভিযান থেকে কোম্পানিটি শিক্ষা নিয়ে ভলকান রকেট নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে বলে তারা বিশ্বাস করে। ২০২৪ সালে যাত্রা শুরুর পর এটি ছিল ভলকানের পঞ্চম উৎক্ষেপণ। এর আগে গত ফেব্রুয়ারিতে সর্বশেষ উৎক্ষেপণ করেছিল রকেটটি। সলিড ফিউয়েলচালিত পার্শ্বীয় বুস্টার এবং মূল বিই–৪ ইঞ্জিন নিয়ে পৃথক প্রযুক্তিগত তদন্তের কারণে এর উৎক্ষেপণ কার্যক্রম দীর্ঘ বিরতিতে পড়েছিল।











