বাংলাদেশের উইকেটকিপার–ব্যাটার লিটন দাসের অষ্টম টেস্ট সেঞ্চুরি কেবল ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আরেকটি মাইলফলকই নয়, এটি ছিল তাঁর মেয়ের প্রতি এক আবেগঘন ভালোবাসার নিবেদন। মেয়ে আনায়রার তৃতীয় জন্মদিনে ইনিংসটি বাংলাদেশি এই উইকেটকিপার ব্যাটারের জন্য হয়ে উঠেছে স্মরণীয়। ধারাবাহিকতা না থাকলেও লিটন বেশ কিছু অসাধারণ ইনিংস খেলেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তাঁর সর্বশেষ সেঞ্চুরি টেস্ট ক্যারিয়ারে যোগ করেছে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশ যখন চরম বিপর্যয়ে, তখন আসে এই সেঞ্চুরি। দল ১২১ রানে ৫ উইকেট হারানোর পর আরেক সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয়ের সঙ্গে ষষ্ঠ উইকেটে রেকর্ড ২০৬ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন লিটন। অসাধারণ ১৩৭ রান করে হৃদয় আউট হওয়ার পর সেঞ্চুরি তুলে নেন লিটন। তাঁর ব্যাটেই বাংলাদেশ পৌঁছে যায় ৪০০ রানে। ২০২১ সালের নভেম্বরে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন লিটন। এরপর থেকে বাংলাদেশের আর কোনো ব্যাটার তাঁর চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করতে পারেননি। সর্বশেষ সেঞ্চুরিটি উইকেটকিপার–ব্যাটার হিসেবে তাঁর সপ্তম। এই সময়ে কোনো উইকেটকিপার–ব্যাটারই টেস্টে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি করতে পারেননি। সব মিলিয়ে আটটি টেস্ট সেঞ্চুরি নিয়ে সর্বকালের উইকেটকিপার–ব্যাটারদের তালিকায় যৌথভাবে পঞ্চম স্থানে উঠে এসেছেন লিটন। তবে সর্বশেষ সেঞ্চুরি উদযাপনের ধরনই এটিকে দিয়েছে বিশেষ তাৎপর্য।
মার্কো জানসেনের করা বলে পুল শট খেলতে গিয়ে টপ এজ হয় লিটনের ব্যাটে। বল ফাইন লেগ অঞ্চলে দিয়ে সীমানা পার হয়। ওই বাউন্ডারিতেই পূর্ণ হয় তাঁর অষ্টম টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশ দলের ড্রেসিংরুম থেকে শুরু হয় উদযাপন।
ঠিক এসময় পকেট থেকে ছোট্ট একটি কাগজ বের করে মেয়ের উদ্দেশে লেখা হৃদয়স্পর্শী বার্তা দেখান লিটন। কাগজে লেখা ছিল, ‘শুভ জন্মদিন, আমার রাজকন্যা। এই সেঞ্চুরিটি তোমার জন্য!’ দর্শকদের করতালির জবাবে ব্যাট উঁচিয়ে ধরেন লিটন। তাঁর মুখে ছিল আনন্দের ঝলক, আর বাংলাদেশ দলের সবাই ডাগআউট দাঁড়িয়ে উদযাপনে শামিল হয়। ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে আটটি সেঞ্চুরি হয়তো ধারাবাহিকতার অপূর্ণ গল্পই বলে। কিন্তু এই সেঞ্চুরি পরিসংখ্যানের বাইরেও অন্য কারণে স্মরণীয় হয়ে থাকবে। এটি ছিল নিঃসন্দেহে এক ‘আদুরে সেঞ্চুরি’– মেয়ের জন্মদিনে বাবার পক্ষ থেকে বিশেষ উপহার।











