ক্লাব প্রতিনিধিদের নামের তালিকা প্রেরণের জন্য পত্র প্রদান শুরু

সিজেকেএস নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২৬ কে সামনে রেখে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। যদিও নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা নেই। তবুও সম্ভাব্য দ্রুত সময়ে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সিজেকেএস অন্তর্ভুক্ত ক্লাবসমূহকে নিজেদের প্রতিনিধিদের নাম প্রেরণ করার আনুষ্ঠানিক পত্র প্রদান শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে এ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।

এদিন বিকালে সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন ওপিএ ক্লাবের সভাপতি ও স্টেডিয়াম প্রতিনিধি হাফিজুর রহমানের হাতে প্রথম আনুষ্ঠানিকভাবে পত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ–প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন। গতকাল প্রথম দিনে কল্লোল সংঘের পক্ষে সাধারণ সম্পাদক সালাউদ্দিন জাহেদ, কল্লোল সংঘ গ্রীন দলের পক্ষে মারুফুল ইসলাম ও রাফা ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, স্টার ক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ আহাম্মেদ নিজ নিজ ক্লাবের পক্ষে পত্র গ্রহণ করেন। এই পত্রে আগামী ৩০ নভেম্বর বিকাল ৪টার মধ্যে ক্লাবের লেটার হেড প্যাডে এই সংক্রান্ত সংযুক্ত “ছক” পূরণ করে আবেদনসহ ক্লাবের প্রতিনিধির নামের তালিকা সিজেকেএস অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশেষ আটে সিএস স্পোর্টস ও চিটাগং ক্রিকেট একাডেমি
পরবর্তী নিবন্ধমেয়ের জন্য লিটনের অষ্টম টেস্ট সেঞ্চুরি