চমেক হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কমছে

চট্টগ্রামে গত মাসের তুলনায় আক্রান্ত রোগীর গড়ও কমছে তবে কমেনি মৃত্যুহার, চলতি মাসে এ পর্যন্ত মারা গেছে ৮ জন

জাহেদুল কবির | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ৬:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কমছে ডেঙ্গুর রোগীর চাপ। দুই সপ্তাহ আগেও ডেঙ্গু ওয়ার্ডে শয্যা ছাড়িয়ে বেশিরভাগ রোগীদের বারান্দার মেঝেতেও চিকিৎসা নিতে হতো। রোগী ভর্তি থাকতো ১১০ থেকে ১২০ জন। এখন সেই চিত্র পাল্টেছে। ওয়ার্ডে ভর্তির রোগীর এখন অর্ধেক কমেছে। গতকাল ওয়ার্ডে ভর্তি রোগী নেমে এসেছে ৫০ এর কোটায়। শুধু চমেক হাসপাতাল নয়, পুরো চট্টগ্রামেই ডেঙ্গু আক্রান্তের গড় কমছে। গত অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ৬০৮ জন। দৈনিক আক্রান্তের গড় ছিল ৮৪ জন। চলতি নভেম্বরে গতকাল পর্যন্ত ছিল ১ হাজার ১৫৩ জন। দৈনিক আক্রান্তের গড় ৭২ জন। তবে কমেনি মৃত্যুহার। গত অক্টোবরে পুরো মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫ জনের। চলতি নভেম্বরে গতকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের। গতকাল সরেজমিনে চমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখা গেছে, আগের মতো ডেঙ্গু রোগীদের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে না। ওয়ার্ডে রোগীর চাপ কমায় চিকিৎসকদেরও সেবা দিতে সুবিধা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টির সাথে ভ্যাপসা গরমের আবহাওয়া ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তারের্‌ একটা সম্পর্ক আছে। এখন দীর্ঘদিন ধরে মাঝারি কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নাই। আবহাওয়ার উষ্ণতাও আগের তুলনায় কমেছে। ফলে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে আমাদের দেশে ডেঙ্গু সংক্রমণ হার সাধারণ জুন–জুলাই ও আগস্টের দিকে বেড়ে সেপ্টেম্বর থেকে আক্রান্তের হার এক সময় কমে যেতো। তবে চলতি বছর দেখা গেছে, ডেঙ্গু বাড়ার হার শুরু হয়েছে আগস্ট থেকে। সেপ্টেম্বর ও অক্টোবরে সেটি চরম আকার ধারণ করে।

এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৫৯ জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৮ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ১৮ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু রোগীর মূল চিকিৎসা হচ্ছে ফ্লুইড ম্যানেজম্যান্ট। অনেক অনেক রোগী এনএসওয়ান রিপোর্ট হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছেন। এটির আসলে কোনো দরকার নাই। ডেঙ্গুর প্ল্যাটিলেট কাউন্ট ১০ হাজারের নিচে নেমে গেলে তখন ইন্টারনাল ব্লিডিং শুরু হয়। তখন ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজম্যান্টের প্রয়োজন পড়ে। আবার প্ল্যাটিলেট কমা শুরু হয় জ্বর কমে যাওয়ার পর পর। তখন শারীরিক কিছু অসুবিধা দেখা দেয়। ওই সময় হাসপাতালে ভর্তি হতে পারে। সাধারণ মানুষের মধ্যে প্ল্যাটিলেট নিয়ে আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে, আসলে প্ল্যাটিলেট যখন বাড়া শুরু হয় তখন দ্রুতই বাড়ে। কাজেই ডেঙ্গু জ্বর হলেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

চাইলে চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এ এস এম জাহেদ দৈনিক আজাদীকে বলেন, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী কমছে, এটি স্বস্তির খবর। তবে ডেঙ্গু কি এখনো আছে। সুতরাং নাগরিকদের এখনো সচেতন হতে হবে। ডেঙ্গু হলে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে যাদের দীর্ঘমেয়াদি রোগ বিশেষ করে হার্টের রোগ, ডায়াবেটিস, কিডনি রোগ এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। অনেকের দেরিতে উপসর্গ দেখা দিতে পারে। তবে এখন জ্বর হলে সাধারণ ভাইরাস জ্বর মনে করে বসে থাকলে হবে না। জ্বর হলে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। ডেঙ্গু হলে পূর্ণ বিশ্রাম নিতে হবে। এ সময় ভ্রমণ করা যাবে না। বেশি করে তরল জাতীয় খাবার খাবে। ফলের রস, ডাবের পানি, লেবুর পানি, খাবার স্যালাইন ও সাধারণ পানি খাবে। কোনো ধরণের শারীরিক জটিলতা দেখা দিলে হাসপাতালে যেতে হবে।

উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যান ১০৭ জন এবং ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা