জায়গা বরাদ্দ ৬৫ একর, চাওয়া হচ্ছে ৩শ একর

জঙ্গল সলিমপুরে কারা কমপ্লেক্স । সংশোধনাগারসহ থাকবে তিনটি পৃথক প্রতিষ্ঠান, ২০৩০ সালে চালুর আশা

হাসান আকবর | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দির চাপ সামলাতে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে কারা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এই কারাগার নির্মাণের জন্য ৬৫ একর জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আধুনিক কারা কমপ্লেক্স নির্মাণে ৩০০ একর জায়গা প্রয়োজন উল্লেখ করে বাড়তি জায়গার জন্য নতুন করে আবেদন করা হচ্ছে। গত বৃহস্পতিবার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর জঙ্গল সলিমপুর পরিদর্শন করে কারা কমপ্লেক্স নির্মাণের সম্ভাব্য স্থান, যোগাযোগব্যবস্থা, নিরাপত্তা পরিস্থিতি এবং পারিপার্শ্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেছেন। ২০৩০ সালে জঙ্গল সলিমপুরে কারা কমপ্লেক্স চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

কারা সূত্র জানিয়েছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি বন্দির চাপ আছে। লালদীঘি এলাকায় অবস্থিত প্রায় ১৪০ বছরের পুরোনো কারাগারটি ১৮৮৫ সালে প্রতিষ্ঠা করা হয়। কারাগারটির বর্তমান ধারণক্ষমতা দুই হাজার ২৪৯ জন। সাম্প্রতিক তথ্যে সেখানে বন্দির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭ হাজারে। কখনো কখনো এই সংখ্যা আরো বেড়ে যায়। ধারণক্ষমতার তিন গুণের বেশি বন্দি রাখতে গিয়ে হিমশিম খেতে হয়।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পুরুষ হাজতি পাঁচ হাজার ৪৯১ জন, নারী হাজতি ১৬৯ জন। পুরুষ কয়েদি ৪৯৫ জন এবং নারী কয়েদি ২৩ জন। মাদকসংক্রান্ত মামলার আসামি ৯০৯ জন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ২২৬ জন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি ৫১৭ জন। বিদেশি বন্দি রয়েছে ৭৬ জন। একই কারাগারে বিচারাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত কয়েদি, মাদক মামলার আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও বিদেশি বন্দিদের জন্য পৃথক ব্যবস্থাপনা নিশ্চিত করা অতিরিক্ত বন্দির কারণে কঠিন হয়ে পড়ছে। বিদ্যমান পরিস্থিতিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তা কার্যকর না হওয়ায় কারাগারের অবস্থা দিনে দিনে শোচনীয় হয়ে ওঠে।

এ অবস্থায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগরে আধুনিক কারা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্রবাজির জন্য পরিচিত এলাকাটিকে সরকারি নিয়ন্ত্রণে এনে সেখানে কারাগারসহ একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। কারা অধিদপ্তর ইতোমধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম শুরু করেছে।

গত বৃহস্পতিবার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর, ডিআইজি (প্রিজন) ছগির মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জঙ্গল সলিমপুর পরিদর্শনে যান। ওই সময় কমপ্লেক্স নির্মাণের সম্ভাব্য স্থান, নগরীর সঙ্গে যোগাযোগ, নিরাপত্তা পরিস্থিতি এবং পারিপার্শ্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন তারা। কোন দিক দিয়ে সড়ক নির্মাণ করা হবে, কোথায় নতুন যোগাযোগ পথ প্রয়োজন এবং কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা কোথায় স্থাপন করা যেতে পারে, সেসব বিষয়ও সরেজমিনে পর্যালোচনা করা হয়।

পুরো এলাকার মানচিত্রও পর্যালোচনা করা হয়েছে।

ইতোমধ্যে ৬৫ একর জমি কারা অধিদপ্তরের নামে বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে কারা কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, একটি পূর্ণাঙ্গ আধুনিক কারা কমপ্লেক্স নির্মাণের জন্য প্রায় ৩০০ একর জমি প্রয়োজন হবে। এজন্য অতিরিক্ত জমি বরাদ্দ চাওয়া হচ্ছে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

কারা কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, জঙ্গল সলিমপুরের কারা কমপ্লেক্সে তিনটি পৃথক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এর মধ্যে একটি হবে চট্টগ্রাম মহানগর আদালতে বিচারাধীন মামলার হাজতি ও কয়েদিদের জন্য পৃথক কারাগার। প্রাথমিক পর্যায়ে সেখানে প্রায় দুই হাজার বন্দিকে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় প্রতিষ্ঠানটি হবে মাদকসংক্রান্ত মামলার আসামিদের জন্য বিশেষ কারাগার। তৃতীয়টি হবে সংশোধনাগার। কারা কমপ্লেক্সে শুধু বন্দি রাখা হবে না, একইসাথে অপরাধের ধরন অনুযায়ী বন্দিদের পৃথক ব্যবস্থাপনা এবং সংশোধন ও পুনর্বাসনের সুযোগ তৈরির বিষয়টি পরিকল্পনায় রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন কারা কমপ্লেক্স নির্মাণের পেছনে বড় কারণ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেহাল দশা। ধারণক্ষমতার তিন গুণের বেশি বন্দি সামলানো এখানে কঠিন হয়ে উঠেছে। শুধু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নয়, পুরো চট্টগ্রাম বিভাগে কারাবন্দির চাপ উদ্বেগজনক উল্লেখ করে সূত্র বলেছে, সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারের মোট ধারণক্ষমতা সাত হাজার ৮৫০ জন। বিপরীতে বন্দি রয়েছেন ১৯ হাজার ৯৬৬ জন। ধারণক্ষমতার প্রায় আড়াই গুণ বন্দি নিয়ে পরিচালিত হচ্ছে এসব কারাগার। এর মধ্যে কক্সবাজার জেলা কারাগারে ৮৩০ জনের জায়গায় রয়েছে দুই হাজার ৮৮৫ জন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা এক হাজার ৭৪২ জন হলেও বন্দি রয়েছে তিন হাজার ১৮০ জন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ৭৮০ জনের ধারণক্ষমতার বিপরীতে বন্দি রয়েছে দুই হাজার ১৯১ জন। বিভাগের অন্যান্য কারাগারেও কমবেশি একই পরিস্থিতি বিরাজ করছে।

কারা কর্মকর্তাদের মতে, অতিরিক্ত বন্দির কারণে অপরাধের ধরন, মামলার অবস্থা ও বন্দির শ্রেণি অনুযায়ী পৃথক রাখার নিয়ম পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না। বিশেষ করে মাদক মামলার আসামি, গুরুতর অপরাধে অভিযুক্ত এবং বিভিন্ন পর্যায়ের সাজাপ্রাপ্ত বন্দিদের পৃথক ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে মাদকসংক্রান্ত মামলায় আটক বন্দির সংখ্যা চার হাজার ২৬৮ জন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি এক হাজার ১৩১ জন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ২৫৭ জন।

দেশের সামগ্রিক কারা ব্যবস্থাপনাতেও বন্দির অতিরিক্ত চাপ বড় সংকট হয়ে উঠেছে। দেশে কারাবন্দির সংখ্যা এক লাখ ছয় হাজার ৬৭৭ জন। অথচ দেশের ৭৫টি কারা প্রতিষ্ঠানের সরকারি ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন। জাতীয় পর্যায়ে কারাগারগুলোতে ধারণক্ষমতার প্রায় আড়াই গুণ বন্দি আছে। বন্দিদের প্রায় ৬৮ শতাংশ বিচারাধীন মামলার আসামি বা হাজতি।

পূর্ববর্তী নিবন্ধচিন্ময় দাসকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর