বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের দ্বিতীয় তলার একটি জানালায় গুলির একাধিক চিহ্ন। দেয়াল ও জানালার ক্ষত যেন আগের রাতের ভয়াবহতার সাক্ষ্য দিচ্ছিল। বাড়ির বাসিন্দাদের চোখেমুখেও সেই আতঙ্কের ছাপ। গুলিবর্ষণের পর এক দিন পেরিয়ে গেলেও স্বাভাবিক হতে পারেনি পরিবেশ। বরং ঘটনার পর আবার ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়ায় আতঙ্ক আরও বেড়েছে ব্যবসায়ী জাফর আহমেদের পরিবারের।
আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার শহীদনগর কমিশনার বাড়ি সড়কে জাফর আহমেদের বাড়িতে গিয়ে এমন চিত্র দেখা যায়। আগের রাতে গতকাল রোববার বাড়িটি লক্ষ্য করে গুলি চালানোর প্রায় ১০ মিনিট পরই তাঁকে আবার ফোন করেন দুর্বৃত্তরা। বাড়ির অবস্থা কেমন হয়েছে, তা দেখতে বলেন। পাশাপাশি দুই জোড়া কাফনের কাপড় কিনে রাখতে বলেন। শরীর ছিন্নভিন্ন করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন জাফর আহমেদ।
ভুক্তভোগী ব্যবসায়ী জাফর আহমেদের অভিযোগ, ‘রায়হান’ পরিচয়ে এক ব্যক্তি তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় ওই ব্যক্তির সহযোগীরা তাঁর বাড়িতে গুলি চালিয়েছে।

নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাফর আহমেদ দৈনিক আজাদীকে বলেন, ‘আগে তো দেশে এমন অবস্থা ছিল না। এখন কেন এমন হচ্ছে? সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে।’
এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে শর্টগানের কার্তুজ ও ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোববার রাতে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন এসে জাফর আহমেদের বাড়ি লক্ষ্য করে গুলি চালান। প্রথম মোটরসাইকেলে ছিলেন দুজন, দ্বিতীয়টিতে তিনজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম মোটরসাইকেলের আরোহীদের হাতে কোনো অস্ত্র দেখা যায়নি। তবে দ্বিতীয় মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের মধ্যে অস্ত্রধারী ছিলেন। তাঁদের একজন প্রথমে শর্টগান দিয়ে আকাশের দিকে ফাঁকা গুলি ছোড়েন। এরপর ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি চালানো হয়। পরে তাঁরা মোটরসাইকেলে করে পালিয়ে যান।
এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনাটি তদন্তে পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করছে। ভুক্তভোগীকে হুমকি দেওয়া মুঠোফোন নম্বর শনাক্ত ও যাচাইয়ের পাশাপাশি হুমকির ফোনালাপের রেকর্ডও পর্যালোচনা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কয়েক দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।












