রায়হান পরিচয়ে ফোন, বললেন ‘আজ বাড়িতে গুলি করেছি, কাল গায়ে গুলি করব’

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবর্ষণের পর মুঠোফোনে ওই ব্যবসায়ীকে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তাঁকে বলা হয়েছে, ‘আজ বাড়িতে গুলি করেছি, কাল শরীরে গুলি করব।’

ভুক্তভোগী ব্যবসায়ী জাফর আহমেদের অভিযোগ, ‘রায়হান’ পরিচয়ে এক ব্যক্তি তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় ওই ব্যক্তির সহযোগীরা তাঁর বাড়িতে গুলি চালিয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর কমিশনার বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা জাফর আহমেদের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ভবনের একটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বায়েজিদ থানা-পুলিশ। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ‘রায়হান’ পরিচয়ে এক ব্যক্তি ওই ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না পেয়ে তাঁর বাড়িতে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ভুক্তভোগী জাফর আহমেদের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি বায়েজিদ এলাকায় বসবাস করেন। মূলত জায়গা-জমির ব্যবসা করেন তিনি।

জাফর আহমেদ দৈনিক আজাদীকে জানান, প্রায় ১০ মাস আগে ওমানের একটি মুঠোফোন নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। ফোনে নিজেকে রায়হান পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন এক ব্যক্তি। সে সময় তিনি ক্যানসারে আক্রান্ত স্ত্রীকে নিয়ে ভারতে অবস্থান করছিলেন। বিষয়টি জানিয়ে তিনি নিজের অসহায়ত্বের কথাও বলেছিলেন। এরপর প্রায় ১০ মাস ওই নম্বর থেকে আর কোনো ফোন পাননি।

তাঁর ভাষ্য, গত বুধবার একই ব্যক্তি আবার ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তিনি জানান, তাঁর স্ত্রী ক্যানসারে আক্রান্ত। নিজেও মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। কিন্তু এসব কথা আমলে না নিয়ে চাঁদার দাবিতে অনড় থাকেন ওই ব্যক্তি।

জাফর আহমেদ বলেন, রোববার রাতে দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁর বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির আঘাতে ভবনের একটি জানালার কাচ ভেঙে যায়। ওই কক্ষে তিনি থাকেন না। ফলে ঘটনার সময় পরিবারের কেউ হতাহত হননি।

গুলিবর্ষণের পর ‘রায়হান’ পরিচয় দেওয়া ওই ব্যক্তি আবারও তাঁকে ফোন করেন বলে জানান জাফর আহমেদ। এ সময় তাঁকে হুমকি দিয়ে বলা হয়, ‘টাকা যেহেতু দিসনি, আজ বাড়িতে গুলি করেছি, কাল তোর গায়ে গুলি করব।’
ট্যাগ: চট্টগ্রাম, বায়েজিদ, বায়েজিদে গুলিবর্ষণ, চাঁদাবাজি, ২০ লাখ টাকা চাঁদা, ব্যবসায়ীর বাড়িতে গুলি, প্রাণনাশের হুমকি, সন্ত্রাসী রায়হান, চট্টগ্রাম অপরাধ, নগর অপরাধ

পূর্ববর্তী নিবন্ধসিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত