সড়কের পাশে ঘুমিয়ে থাকা প্রতিবন্ধীকে বাস চাপা

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

পটিয়ায় সড়কের পাশে ঘুমিয়ে থাকা আবুল কালাম (৬০) নামে এক প্রতিবন্ধী বাসচাপায় নিহত হয়েছেন। তিনি পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকার মৃত আবদুর রশিদের ছেলে। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে পটিয়া পৌরসভার উপজেলা ভূমি অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।

স্থানীয়রা জানান, শারীরিক প্রতিবন্ধী আবুল কালাম বিকেল ৩টার দিকে উপজেলা ভূমি অফিসসংলগ্ন সড়কের পাশে ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি বাস তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এলে বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইশান বলেন, সড়কের পাশে ঘুমিয়ে থাকা এক বৃদ্ধকে চলন্ত বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা