চিন্ময় দাসকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলার আসামি চিন্ময় দাসকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গতকাল ভোরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কেরানীগঞ্জ কারাগারে এ স্থানান্তর করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এটি একটি রুটিন বদলি। এছাড়া ভিআইপি আসামিরা কেরানীগঞ্জ কারাগারেই থাকেন।

নগরীর নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ২০২৪ সালের ৩১ অক্টোবর চিন্ময় দাসের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়। দণ্ডবিধির ১২০(খ)/১২৪(ক)/১৫৩ (ক)১০৯/৩৪ ধারায় মামলাটি দায়ের হয়। কোতোয়ালী থানায় দায়ের হওয়া উক্ত রাষ্ট্রদ্রোহ মামলায় একই বছরের ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। তার পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে সেদিন একটি আবেদন করেন। শুনানি শেষে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ নিয়ে সংঘাত হয় এবং আইনজীবী আলিফ খুন হন। আদালত পাড়ায় ওইদিনের সংঘাত ও খুনের ঘটনায় সাতটি মামলা হয়েছে। এর মধ্যে কোতোয়ালী থানায় ৬টি ও আদালতে একটি মামলা দায়ের হয়।

পুলিশ জানায়, কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে পুলিশ বাদী হয়ে ৭৯ জনের নামে তিনটি, আলিফের বাবা বাদী হয়ে ৩১ জনের নামে একটি (হত্যা মামলা) ও তার ভাই বাদী হয়ে ১১৬ জনের নামে একটি ও মোহাম্মদ উল্লাহ নামে এক ব্যবসায়ী ২৯ জনের নামে একটি মামলা দায়ের করেন। এছাড়া মো. এনামুল হক নামে একজন বাদী হয়ে ১৬৪ জনের নামে আদালতে আরো একটি মামলা দায়ের করেন। আদালত সেটি কোতোয়ালী থানাকে তদন্তের নির্দেশ দেয়।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফের মাদক ব্যবসায়ী তাহেরকে ৬ বছরের কারাদণ্ড