সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে। তাই জেলেদের ব্যস্ততাও নেই। মাছ ধরার জাল, দড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম জালঘরগুলোতে রেখে বাড়িতে ফিরে গেছেন তাঁরা।
এমন সময় হঠাৎ আগুন লাগে দক্ষিণ কাট্টলীর রাশমণি ঘাট এলাকায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। একে একে পুড়ে যায় ৭০টির বেশি জালঘর, ১৫টি মাছের গদি, চারটি বরফকল ও কয়েকটি দোকান। চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় ব্যবসায়ীদের বছরের পর বছর ধরে গড়ে তোলা সম্পদ। অথচ এসব স্থাপনায় ছিল না বিদ্যুৎ সংযোগ। ছিল না গ্যাসের চুলা কিংবা আগুনের কোনো দৃশ্যমান উৎস।
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলীর রাশমণি ঘাট এলাকায় আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন দ্রুত আশপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় ৭০টির বেশি জালঘর, ১৫টি মাছের গদি, দুটি মুদির দোকান, দুটি চায়ের দোকান ও চারটি বরফকল ছিল। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হওয়ায় এসব স্থাপনায় তখন কেউ অবস্থান করছিলেন না। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। ফলে এ ঘটনায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
পুড়ে যাওয়া দোকানের সামনে মাছ ব্যবসায়ী জাবেদুল আলম হতাশ মুখে দাঁড়িয়েছিলেন। কথা বলতে চাইলে বলেন, ‘সব শেষ। আমাদের জাল, দড়ি সবই পুড়ে গেছে।’ জাবেদুল বলেন, ‘আগুন কীভাবে লেগেছে, আমরা কিছুই জানি না। খবর পেয়ে এসে দেখি সবকিছু জ্বলছে। আমাদের জাল, দড়িসহ মাছ ধরার সব মালামাল এখানে ছিল। এখন কিছুই অবশিষ্ট নেই। সবার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।’
আরেক গদি ব্যবসায়ী মুহাম্মদ মহসিন বলেন, ‘আমাদের একটি গদিতেই প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার জাল ছিল। এখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, গ্যাসের চুলা বা আগুনের কোনো উৎসও নেই। আগুন লাগল কীভাবে, কেউ জানে না।’
বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর আশরাফুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, খবর পেয়ে তাঁদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর আগুনের প্রকৃত কারণ জানা যাবে।












