এসপি জাহাংগীর : পাঁচ রহস্য উদঘাটন করতে চায় পুলিশ

হাবীবুর রহমান | সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

‘ডিসেম্বরের জীবন–মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে।’ হোয়াটসঅ্যাপে পাঠানো এমন একের পর এক বার্তা শেষ পর্যন্ত কাল হলো চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা এসপি মোহাম্মদ জাহাংগীর আলমের জন্য। রাষ্ট্রদ্রোহ ও সরকার উৎখাতের অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের অভিযোগে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের পর আদালত তাকে ৪ দিনের রিমান্ডেও পাঠিয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত এ পুলিশ কর্মকর্তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন উল্লেখ করে রিমান্ড চেয়ে পুলিশের পক্ষ থেকে করা আবেদনে ৫টি হেতুর কথা উল্লেখ করা হয়েছে। ঘটনার পেছনের যারা আছে তাদের মুখোশ উন্মোচন, দেশি–বিদেশি লজিস্টিক সাপোর্টারদের শনাক্তকরণ, অন্তর্ঘাতমূলক কৌশলের নেপথ্য শক্তি খুঁজে বের করা এবং পুরো অপরাধ চক্রের প্রকৃত রহস্য ভেদ করতে আবেদনে এসব হেতুর কথা উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ পরিদর্শক রাসেল মাহমুদ।

তিনি উল্লেখ করেছেন, এই নাশকতামূলক পরিকল্পনার গভীরে পৌঁছাতে ৫টি সুনির্দিষ্ট বিষয় খতিয়ে দেখা জরুরি। প্রথমটি হচ্ছে, অন্তর্ঘাতমূলক এই পুরো ষড়যন্ত্রের মূল উৎস ও নেপথ্য পরিকল্পনা কোথায় তৈরি হয়েছিল তা নিবিড়ভাবে বের করা। দ্বিতীয়টি হচ্ছে, বর্তমান রাষ্ট্রকাঠামোকে উৎখাত করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টায় আর কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা। তৃতীয়টি হচ্ছে, আসামিকে দেশে বা বিদেশে বসে কারা অর্থনৈতিক, প্রযুক্তিগত বা অন্য কোনো লজিস্টিক সহায়তা দিয়ে আসছিল, সেই পলাতক সহযোগীদের খুঁজে বের করা। চতুর্থটি হচ্ছে, রাষ্ট্র অচল করার এই কৌশলের পেছনে দেশের ভেতর বা বাইরের কোনো সংস্থা বা কুচক্রী মহলের হাত রয়েছে কি না, তা পরিষ্কার করা। সর্বশেষটি হচ্ছে, মামলার পারিপার্শ্বিক সমস্ত তথ্য–উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা।

‘আওয়ামী কানেকশন’–এর অভিযোগে ১১ নভেম্বর পুলিশ কর্মকর্তা জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করা হয়। পাশাপাশি তাকে নজরদারিতেও রাখা হয়। অভিযোগের সত্যতা পেয়ে যায় অভিযোগ তদন্তকারী সংশ্লিষ্টরা। এরই প্রেক্ষিতে শনিবার পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা করা হয়। গতকাল তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এজাহারে উঠে আসা গোপন চ্যাট : মামলার এজাহার সূত্রে জানা যায়, ৮ নভেম্বর রাত ৯টা ২৩ মিনিটে এসপি জাহাংগীরের ব্যক্তিগত মোবাইল নম্বর এবং তার ব্যবহৃত ‘ডেড্রিমার’ নামক অ্যাপ অ্যাকাউন্ট থেকে জনৈক ব্যক্তির উদ্দেশে সংবেদনশীল বার্তা পাঠানো হয়। এ বার্তায় লেখা হয়, ‘ডিয়ার স্যার বেস্ট উইশেস ফর ইউ। ইনশাল্লাহ বাংলাদেশ উইল বি রিস্টোর্ড টু প্রিভিয়াস স্টেট ইন ডিসেম্বর। স্টেই ফাইন স্যার। রিগার্ডস স্যার।’

এরপর রাত ৯টা ৫৭ মিনিটে পাঠানো দ্বিতীয় বার্তায় উল্লেখ করা হয়, ‘আসসালামু আলাইকুম স্যার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। স্যার শুভ কামনা। রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার ডিসেম্বরের জীবন–মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে…।’ বার্তায় জাহাংগীর আলম আরও লেখেন, ‘১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকলেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’

এজাহারে বলা হয়, পুলিশ কর্মকর্তা জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং সাংবিধানিক শাসনব্যবস্থার পরিপন্থী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার বিষয়ে কিছু সুনির্দিষ্ট তথ্য ও ডিজিটাল আলামত পাওয়া যাচ্ছে। তিনি একজন পুলিশ কর্মকর্তা হয়েও টেলিগ্রামের গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত (পলাতক) আওয়ামী লীগ নেতা বা তাদের মদদদাতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের মদদে বর্তমান সরকার বা রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের (সাবভার্সিভ কনস্পিরেসি) ব্লু প্রিন্ট তৈরি বা বাস্তবায়নে সহায়তা করেছেন।

পুলিশের সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন সাপেক্ষে নগরীর পাঁচলাইশ মডেল থানায় ১৮৬০ সালের দণ্ডবিধির ১২৪এ ও ১৫৩ ধারায় রাষ্ট্রদ্রোহিতা ও দাঙ্গা সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে জাহাংগীর আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। তার মতো একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন অপরাধমূলক বলয়ে জড়িয়ে পড়ার ঘটনায় পুলিশ বাহিনীতেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মফিজুল হক ভূঁইয়া দৈনিক আজাদীকে বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ বাহিনীতে জাহাংগীরের মতো আর কেউ আছে কি না তাও খতিয়ে দেখতে হবে।

পূর্ববর্তী নিবন্ধঋণের বোঝা কমাতে বিকল্প অর্থায়নে জোর অর্থমন্ত্রীর
পরবর্তী নিবন্ধএসপি জাহাংগীর গ্রেপ্তার, রাষ্ট্রদ্রোহের মামলা